পরনে ছেঁড়া গেঞ্জি ও নোংরা লুঙ্গি। গা ভর্তি ময়লা, শরীর জুড়ে কালি। দেখলে মনে হবে, ভিক্ষুক। হাতে একটি বস্তাসহ তিনিই ঢুকে পড়লেন আইফোনের শো-রুমে। বিক্রয়কর্মীরা ভিক্ষুক ভেবে ভিক্ষা দিতে গেলে তিনি আইফোন কিনতে এসেছেন বলে জানান। এরপর হাতের বস্তা থেকে বের করেন লাখ টাকার কয়েন। সেই কয়েন দিয়ে কিনে ফেলেন আইফোন ১৫ প্রো।
এমন ঘটনা ঘটেছে ভারতের যোধপুরে। মূলত কোনো ভিক্ষুক আইফোন কিনতে এলে বিক্রয়কর্মীরা কেমন আচরণ করেন সেই প্রতিক্রিয়া দেখতে সামাজিক পরীক্ষার অংশ হিসেবে এমন কাণ্ড করা হয়।
এক্সপেরিমেন্ট কিং নামে একটি ইনস্টাগ্রাম চ্যানেলে এ কাণ্ডের ভিডিও প্রকাশ করা হয়েছে।
ভিডিওতে ভিক্ষুকের সাজে এক ব্যক্তিকে যোধপুরের মোবাইল ফোনের শো-রুমে ঢুকতে দেখা যায়। কয়েকটি দোকানে তাকে ঢুকতে দেননি বিক্রয়কর্মীরা। আবার অনেকেই কয়েনে আইফোনের দাম নিতে অস্বীকার করেন। তবে শেষমেস একটি দোকান কয়েনে আইফোনের দাম নিতে রাজি হয়। তখন ওই ব্যক্তি পুরো বস্তাভর্তি কয়েন মেঝেতে ঢেলে দেন। দোকানকর্মীরা সেই অর্থ গুণে ওই ব্যক্তিকে আইফোন প্রো ম্যাক্স বুঝিয়ে দেন। এরপর নতুন মোবাইল ফোনে ওই ব্যক্তি বিক্রয়কর্মী ও দোকানের মালিকের সঙ্গে ছবি তোলেন।
এই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রকাশের পর থেকেই সেটি ভাইরাল হয়েছে। ভিডিওতে ৩৪ মিলিয়নের বেশি ভিউ হয়েছে। এতে বাহারি মন্তব্য করছেন অনেকেই।
কেউ কেউ ওই ব্যক্তিকে কিছুটা গালমন্দ করলেও বিক্রয়কর্মীদের অনেকেই প্রশংসায় ভাসাচ্ছেন।
একজন যেমন বলেছেন, “এটি স্ক্রিপ্টেড..আজকাল তার মতো ভিক্ষুক দেখা যায় না।” আরেকজন বলেছেন, “এটি বিনোদনমূলক পরীক্ষা।”
আরেক ব্যক্তি মন্তব্য করেছেন, “গ্রাহকদের সম্মান করুন যে কাউকেই আইফোনের মালিক হতে দিন।”
তার মতো আরেকজন বলেন, “দোকানদারদের উচিত তাদের গ্রাহকদের সম্মান করতে শেখা, তা হতে দিন। যে কেউ হোক, গরীব বা ধনী বা ভিখারি।”
গত ২২ সেপ্টেম্বর ভারতে অ্যাপলের বহুল প্রত্যাশিত আইফোন ১৫ বিক্রি শুরু হয়। ফোনটি বাজারে ছাড়ার খবরে দিল্লি এবং মুম্বাইতে অ্যাপলের শো-রুমের সামনে ক্রেতার দীর্ঘ লাইন দেখা গেছে।
আইফোন ১৫ এর সিরিজে আর রয়েছে, আইফোন ১৫, আইফোন ১৫ প্লাস, আইফোন ১৫ প্রো, আইফোন ১৫ প্রো ম্যাক্স। এছাড়াও অ্যাপল ওয়াচ সিরিজ ৯ ও ওয়াচ আলট্রা ২ চালু করা হ্যেছে।
১২৮ জিবি মেমোরির আইফোন ১৫ এর দাম সর্বনিম্ন ৭৯,৯০০ টাকা থেকে শুরু হয়। আইফোন ১৫ প্লাসের দাম ৮৯,৯০০। এছাড়াও প্রকারভেদে একেকটি আইফোনের দাম ১৩৪,৯০০ ও ১৫৯,৯০০ টাকাও নির্ধারণ করা হয়েছে।



