Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

হিজাব নিষেধাজ্ঞা তুলে নেওয়া হবে কর্নাটকের স্কুল-কলেজ থেকে, জানালেন মুখ্যমন্ত্রী

মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, ‘কে কী পরবেন, কে কী খাবেন, তা একান্তই ব্যক্তিগত বিষয়’

আপডেট : ২৩ ডিসেম্বর ২০২৩, ১১:৩৬ এএম

ভারতের কর্নাটক রাজ্যের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠান থেকে হিজাব নিষেধাজ্ঞা উঠে যাচ্ছে বলে জানিয়েছেন কংগ্রেস–শাসিত রাজ্যের মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

শুক্রবার (২২ ডিসেম্বর) এক অনুষ্ঠানে তিনি একথা বলেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

ওই অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া বলেন, “কে কী পরবেন, কে কী খাবেন, তা একান্তই ব্যক্তিগত বিষয়। ব্যক্তিগত পছন্দ অনুযায়ী তা ঠিক করা হয়। সরকার কেন ব্যক্তির সেই অধিকারে নাক গলাবে? যার যা খেতে ইচ্ছা করে, সে তাই খাবে। যার যা পরতে ইচ্ছা করে, তাই পরবে। আমি ধুতি পরি। কেউ প্যান্ট পরে। এতে কার কী বলার থাকতে পারে? অন্যায়ই–বা কোথায়?”

বিজেপিকে দোষারোপ করে সিদ্দারামাইয়া বলেন, “এই দলটা পোশাক, জাত, খাদ্যাভ্যাস নিয়ে মানুষে মানুষে বিভেদ সৃষ্টি করছে। সমাজকে বিভক্ত করছে।”

এরপর এদিন এক্স (সাবেক টুইটার) হ্যান্ডেলে একই ঘোষণা দেন মুখ্যমন্ত্রী সিদ্দারামাইয়া।

তিনি বলেন, “আমি ইতিমধ্যেই সরকারি কর্তাদের বলেছি, ওই নিষেধাজ্ঞা প্রত্যাহার করে নিতে।”

প্রসঙ্গত, বিজেপি সরকারের আমলে ২০২২ সালে রাজ্যের সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের শ্রেণিকক্ষে মুসলমান শিক্ষার্থীদের হিজাব পরার ওপর নিষেধাজ্ঞা জারি করা হয়। এ নিয়ে উত্তাল হয়ে ওঠে পরিস্থিতি।

শেষ পর্যন্ত আদালত গড়ায় বিষয়টি। গত বছর ১৫ মার্চ সেই মামলায় কর্নাটক হাইকোর্ট জানান, ইসলাম ধর্মে হিজাব পরা আবশ্যক নয়। হিজাবসংক্রান্ত বিষয়ে সরকারের জারি করা বিজ্ঞপ্তি বহাল রাখেন হাইকোর্ট।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছিল, সরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে—যেখানে ইউনিফর্ম চালু রয়েছে, সেখানে তা মানতে হবে। হিজাব পরে স্কুল চত্বরে গেলেও শ্রেণিকক্ষে তা পরা চলবে না।

   

About

Popular Links

x