নিজের প্যান্টের ভেতর লুকিয়ে একশটিরও বেশি জীবন্ত সাপ ভরে সেগুলো পাচারের চেষ্টা চালিয়েছেন এক ব্যক্তি। তবে শেষ রক্ষা হয়নি। ধরা পড়তে হয়েছে তাকে।
সম্প্রতি চীনের কাস্টমস কর্মকর্তারা তাকে আটক করেন। এক প্রতিবেদনে এ খবর জানিয়েছে গালফ নিউজ।
মঙ্গলবার (৯ জুলাই) চীনের কাস্টমস কর্তৃপক্ষ জানিয়েছে, ওই ব্যক্তি আধা-স্বায়ত্বশাসিত হংকং থেকে শেনজেন সীমান্ত দিয়ে চীনের মূল ভূখণ্ডে প্রবেশের চেষ্টা করেছিলেন।
বিবৃতিতে দেশটির কাস্টমস জানিয়েছে, তল্লাশির পর যুবকের প্যান্টের পকেটে দুটি ব্যাগ পাওয়া যায়। এগুলো স্কচটেপ দিয়ে আটকানো ছিল। যখন ব্যাগগুলো খোলা হয় তখন এটির ভেতর বিভিন্ন জাতের, আকৃতির ও বর্ণের জীবন্ত সাপ পাওয়া যায়।
বিবৃতিতে কাস্টমস কর্তৃপক্ষ আরও জানিয়েছে, সব মিলিয়ে ১০৪টি সাপ উদ্ধার করেছেন কর্মকর্তারা। এর মধ্যে এমন কিছু সাপ রয়েছে যেগুলো চীনে পাওয়া যায় না।
এদিকে, একটি ভিডিওতে দেখা গেছে স্বচ্ছ ব্যাগে করে নানান রঙের-বর্ণের সাপগুলো নিয়ে যাচ্ছেন কর্মকর্তারা।
বিশ্বে সাপ পশুপাখি পাচারের অন্যতম বড় হাব চীন। তবে সম্প্রতি এই অবৈধ বাণিজ্যের বিরুদ্ধে ধরপাকড় শুরু করেছে দেশটি।
চীনের বায়োসিকিউরিটি এবং ডিজিস কন্ট্রোলের যে আইন রয়েছে সেটি অনুযায়ী কেউ দেশজ নয় এমন কোনো পশুপাখি আনতে পারবেন না। কেউ এই আইন ভঙ্গ করলে তার বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়।



