Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পেঁয়াজ রপ্তানির শর্ত শিথিল করার সিদ্ধান্ত ভারতের

বাংলাদেশসহ অনেক দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে

আপডেট : ১৪ সেপ্টেম্বর ২০২৪, ০২:৫৪ পিএম

পেঁয়াজ রপ্তানির ওপর শর্ত আগের চেয়ে শিথিল করার সিদ্ধান্ত নিয়েছে ভারত। দেশটি থেকে প্রতি টন পেঁয়াজ রপ্তানির ক্ষেত্রে সর্বনিম্ন ৫৫০ ডলার মূল্যের যে শর্ত ছিল, সেটি প্রত্যাহার করারর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। পাশাপাশি কমানো হয়েছে রপ্তানি শুল্ক।

পেঁয়াজ উৎপাদানে দেশটির গুরুত্বপূর্ণ অঞ্চল মহারাষ্ট্র রাজ্যে নির্বাচনের আগে রপ্তানির ওপর থেকে শর্ত শিথিল করলো দেশটির সরকার।

দেশটির সংবাদমাধ্যম টাইমস অব ইন্ডিয়া জানিয়েছে, ভারতের ডিরেক্টরেট জেনারেল অব ফরেন ট্রেড শুক্রবার (১৩ সেপ্টেম্বর) পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য বা “মিনিমাম এক্সপোর্ট প্রাইস” সংক্রান্ত শর্ত বাতিল করার সিদ্ধান্ত জানায়। এর ফলে ভারতীয় ব্যবসায়ীরা এখন যেকোনো দামে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন বলে জানা গেছে।

অন্যদিকে দেশটির অর্থ মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনের সূত্রের বরাত দিয়ে ভারতীয় বার্তা সংস্থা পিটিআই জানিয়েছে, পেঁয়াজ রপ্তানির ওপর আরোপ করা ৪০% শুল্ক অর্ধেক করে ২০% নামিয়ে আনা হয়েছে।

উল্লেখ্য, অভ্যন্তরীণ বাজারে দাম বেড়ে যাওয়ার কারণে ভারত একপর্যায়ে পেঁয়াজ রপ্তানি পুরোপুরি বন্ধ করে দিয়েছিল। তবে এ বছরের মে মাসে রপ্তানির ওপর থেকে নিষেধাজ্ঞা তুলে নিয়ে পেঁয়াজের সর্বনিম্ন রপ্তানিমূল্য ৫৫০ ডলারে নির্ধারণ করে দেয়। এছাড়া রপ্তানির ওপর ৪০% শুল্ক আরোপ করা হয়।

সর্বনিম্ন রপ্তানিমূল্য বাতিলের সিদ্ধান্তের কারণে ভারতীয় পেঁয়াজচাষিরা লাভবান হবেন বলে ধারণা করা হচ্ছে। কারণ, তারা স্থানীয় বাজারের তুলনায় বেশি দামে বিশ্ববাজারে পেঁয়াজ রপ্তানি করতে পারবেন।

ভারত বিশ্বের অন্যতম প্রধান পেঁয়াজ রপ্তানিকারক দেশ। বাংলাদেশসহ অনেক দেশ ভারত থেকে পেঁয়াজ আমদানি করে।

   

About

Popular Links

x