পাকিস্তানের খাইবার পাখতুনখোয়া প্রদেশের কুররম জেলায় উপজাতি দুই গোষ্ঠীর মধ্যে সংঘর্ষে নারী ও শিশুসহ ১১ জন নিহত হয়েছে। এই ঘটনায় আহত হয়েছেন আরও আটজন।
শনিবার (১২ অক্টোবর) এই হতাহতের ঘটনা ঘটে বলে জানিয়েছে দেশটির সংবাদমাধ্যম ডন।
স্থানীয় সূত্রে জানা গেছে, কুররম জেলার কুঞ্জ আলিজাই এলাকায় গোলাগুলির পর পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। কুররমের ডেপুটি কমিশনার (ডিসি) জাভিদুল্লাহ মেহসুদ জানান, পাকিস্তান-আফগানিস্তান সীমান্তের কাছে কুঞ্জ আলিজাই পাহাড়ে এবং সেখানকার রাস্তায় গোলাগুলিতে ১১ জন প্রাণ হারিয়েছেন এবং বেশ কয়েকজন আহত হয়েছেন।
হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছে, আহত ৯ জনকে হাসপাতালে ভর্তি করা হয়, এর মধ্যে একজন চিকিৎসাধীন অবস্থায় মারা যান। বাকিদের চিকিৎসা চলছে, তিনজনের অবস্থা গুরুতর।
উপজাতি কাউন্সিলের সদস্য এবং সাবেক সাংসদ পীর হায়দার আলী শাহ বলেন, “উপজাতি গোষ্ঠীর মধ্যে শান্তি চুক্তির জন্য একটি প্রবীণ দল কুররমে এসেছে, তবে সাম্প্রতিক সংঘর্ষগুলি তাদের শান্তি প্রক্রিয়াকে বাধাগ্রস্ত করছে।”
কুররম জেলা খাইবার পাখতুনখোয়ার অন্যতম সংবেদনশীল অঞ্চল, যেখানে সন্ত্রাসবাদ ও জঙ্গি গোষ্ঠীগুলোর বিস্তারের পাশাপাশি জমির দাবি নিয়ে প্রতিদ্বন্দ্বী গোষ্ঠীগুলো দীর্ঘদিন ধরে সংঘর্ষে লিপ্ত। নৈসর্গিক পর্যটন স্পট হওয়ায় কুররম জেলা জনপ্রিয়, পর্যটকদের আনাগোনার কারণে জমি সংক্রান্ত বিরোধ বাড়ছে।
গত মাসে জমি নিয়ে বিরোধে সংঘর্ষে ৪৬ জন নিহত ও ৯১ জন আহত হয়। জুলাই মাসে সংঘর্ষে ৪৯ জন প্রাণ হারান।



