Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিশুকালে প্রতি ৮ জনে একজন নারী যৌন নির্যাতনের শিকার

জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে

আপডেট : ১৩ অক্টোবর ২০২৪, ০৪:৪৮ পিএম

সারা পৃথিবীতে এই মুহূর্তে জীবিত নারীদের মধ্যে ৩৭ কোটি কন্যাশিশু ও নারী ১৮ বছর বয়স হওয়ার আগেই ধর্ষণ অথবা অন্য যেকোনো ধরনের যৌন নির্যাতনের শিকার হয়েছেন। জাতিসংঘের শিশু বিষয়ক সংস্থা ইউনিসেফের নতুন এক প্রতিবেদনে এই তথ্য উঠে এসেছে।

গত ১০ অক্টোবর প্রকাশিত প্রতিবেদনে ইউনিসেফ বলছে, প্রতি ৮ জনে ১ জন জীবিত কন্যাশিশু ও নারী ১৮ বছর বয়সের আগে ধর্ষণ অথবা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। বিশ্বব্যাপী এই সংখ্যা প্রায় ৩৭ কোটি।

ইউনিসেফ বলছে, যৌন সহিংসতার বিষয়টি ভৌগোলিক, অর্থনৈতিক ও সাংস্কৃতিক সীমানা পেরিয়ে গেছে। যদি মৌখিক ও অনলাইন নিপীড়নের বিষয়টি বিবেচনায় নেওয়া হয় তাহলে ভুক্তভোগীর সংখ্যা বর্তমানে ৬৫ কোটি বা প্রতি পাঁচজনে একজন।

প্রতিবেদনে বলা হয়েছে, এ পরিস্থিতি পুরো বিশ্বের। এর মধ্যে সাব-সাহারান আফ্রিকায় সবচেয়ে বেশি মেয়ে শিশু আক্রান্ত হয়েছে। সাব-সাহারা অঞ্চলের এই সংখ্যা ৭ কোটি ৯০ লাখ। এছাড়া পূর্ব ও দক্ষিণ-পূর্ব এশিয়ায় সাড়ে ৭ কোটি এবং ইউরোপ ও উত্তর আমেরিকায় ৬ কোটি ৮০ লাখ।

গবেষণায় বলা হয়েছে, যেসব এলাকায় নিরাপত্তা ব্যবস্থা ভঙ্গুর, সেখানে যৌন সহিংসতা বিশেষভাবে বেশি। এমনকি ছেলেশিশুরাও এই সহিংসতা থেকে রেহাই পায়নি।

এগারো জনের মধ্যে একজন ছেলে শিশু ও পুরুষ তাদের শৈশবকালে ধর্ষণ বা যৌন নির্যাতনের শিকার হয়েছেন। এ সংখ্যা বিশ্বজুড়ে ২৪ কোটি থেকে ৩১ কোটির মধ্যে। আর অনলাইন ও মৌখিক যৌন সহিংসতাকে বিবেচনায় নেওয়া হলে ভুক্তভোগী ছেলে শিশুর সংখ্যা বেড়ে দাঁড়ায় ৪১ কোটি থেকে ৫৩ কোটির মধ্যে।

প্রতিবেদনটির জন্য ইউনিসেফ ২০১০ থেকে ২০২২ সালের মধ্যে ১২০টি দেশের তথ্য সংগ্রহ করেছে।

   

About

Popular Links

x