Friday, October 02, 2026

সেকশন

English
Dhaka Tribune

ইসরায়েলি হামলায় একদিনে ৮৪ ফিলিস্তিনি নিহত

নিহতদের মধ্যে ৫০ জন শিশু এবং অপ্রাপ্তবয়স্ক

আপডেট : ০২ নভেম্বর ২০২৪, ০৯:৪৫ এএম

ইসরায়েলি বাহিনীর হামলায় বৃহস্পতিবার ভোর থেকে শুক্রবার ভোর পর্যন্ত ২৪ ঘণ্টায় গাজা উপত্যকায় ৮৪ জন নিহত হয়েছেন।

শুক্রবার (১ নভেম্বর) সন্ধ্যায় গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এই সংবাদ প্রকাশ করেছে সংবাদমাধ্যম আল-জাজিরা।

গাজার স্বাস্থ্য মন্ত্রণালয়ের বিবৃতিতে বলা হয়েছে, “দখলদার ইসরায়েলি বাহিনীর হামলায় গত ২৪ ঘণ্টায় গাজাজুড়ে নিহত হয়েছেন ৮৪ জন এবং আহত হয়েছেন ১৮৬ জন। নিহতদের মধ্যে ৫০ জন শিশু এবং অপ্রাপ্তবয়স্ক।”

“তবে নিহত এবং আহতদের সংখ্যা আরও বেশি; কারণ যারা ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন, লোকবল ও উপকরণের অভাবে তাদের উদ্ধার করা সম্ভব হচ্ছে না।”

বিবৃতিতে আরও বলা হয়েছে, গতকাল শুক্রবারের হতাহতের পরিসংখ্যানের জেরে গত এক বছরে ইসরায়েলি বাহিনীর অভিযানে গাজায় মোট নিহতের সংখ্যা পৌঁছেছে ৪৩,২৫৯ জনে এবং আহত হয়েছেন মোট ১ লাখ ১,৮২৭ জন।

২০২৩ সালের ৭ অক্টোবর ইসরায়েলের ভূখণ্ডে অতর্কিত হামলা চালায় গাজা উপত্যকা নিয়ন্ত্রণকারী সশস্ত্র রাজনৈতিক গোষ্ঠী হামাস এবং তাদের মিত্রগোষ্ঠী প্যালেস্টাইনিয়ান ইসলামিক জিহাদের ১,০০০ যোদ্ধা। হামলায় ১,২০০ জনকে হত্যার পাশাপাশি ২৪০ জনকে জিম্মি হিসেবে গাজায় ধরে নিয়ে যায় যোদ্ধারা।

আকস্মিক এই হামলার পর ওইদিন থেকেই গাজায় অভিযান শুরু করে ইসরায়েলি বাহিনী, যা এখনও চলছে। এ অভিযানে গত ১৩ মাসে যারা নিহত হয়েছেন, তাদের ৫৬ শতাংশই নারী ও শিশু।

   

About

Popular Links

x