ঢাকা থেকে বুড়িমারীগামী চলন্ত বাসে এক নারী যাত্রীর প্রসববেদনা ওঠে। বাস থামিয়ে সেখানেই তার সন্তান প্রসবের ব্যবস্থা করা হয়। শিশুটির নাম রাখা হয়েছে বাসের নামে। শিশুটি আজীবন ওই পরিবহনের বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবে বলে জানিয়েছেন পরিবহনের মালিক।
সোমবার ভোরে “আনাস এন্টারপ্রাইজের” বাসটি রংপুরের মিঠাপুকুর এলাকায় পৌঁছালে ঘটনাটি ঘটে। বুধবার দুপুরে বাসের সুপারভাইজার মজনু মিঞা লালমনিরহাটের হাতীবান্ধায় শিশুটির জন্য উপহার নিয়ে গেলে বিষয়টি জানাজানি হয়।
শিশুটির মা আবিদা বেগম (২৮) হাতীবান্ধা উপজেলার ফকিরপাড়া ইউনিয়নের রমনীগঞ্জ গ্রামের বাসিন্দা। পরিবারের সঙ্গে ঢাকা থেকে গ্রামের বাড়ি ফিরছিলেন তিনি। পথে হঠাৎ তার প্রসববেদনা ওঠে।
সুপারভাইজার মজনু মিঞা বলেন, “বিষয়টি জানার পর বাসটি একটি পেট্রলপাম্পের সামনে থামানো হয়। পুরুষ যাত্রীদের নামিয়ে দিয়ে নারী যাত্রী ও এক ধাত্রীর সহায়তায় বাসের ভেতরেই আবিদার সন্তান প্রসব করানো হয়। জন্ম নেয় একটি ছেলেশিশু।”
পরে মা ও নবজাতককে বড়খাতা এলাকায় নিয়ে পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়। এ সময় বাসের সুপারভাইজার ও যাত্রীরা মিষ্টি বিতরণ করেন।
শিশুটির নানা আবেদ আলী বলেন, "চিকিৎসক বলেছিলেন আরও কিছুদিন সময় বাকি। তাই মেয়েকে নিয়ে বাড়ি ফিরছিলাম। পথেই এই ঘটনা ঘটে। আমার মেয়ে ও নাতি দুজনই সুস্থ আছে। বাসের চালক, সুপারভাইজার ও যাত্রীরা যেভাবে সহযোগিতা করেছেন, তা ভুলব না।"
তিনি আরও বলেন, "নাতি বাসে জন্ম নেওয়ায় ওই বাসের নামেই তার নাম আনাস হাসান রেখেছি।"
ঘটনাটি জানার পর পরিবহনের মালিক দিপু মিঞা শিশুটির জন্য আজীবন বিনা ভাড়ায় যাতায়াতের ঘোষণা দেন। শিশুটির মা বড় হওয়া পর্যন্ত তাকে নিয়ে ওই পরিবহনের বাসে বিনা ভাড়ায় যাতায়াত করতে পারবেন। মালিকের পাঠানো উপহারও পরিবারের কাছে পৌঁছে দেওয়া হয়েছে।
ফকিরপাড়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ফজল রহমান খোকন বলেন, মা ও নবজাতক দুজনই সুস্থ আছেন।



