Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বাংলাদেশে মোটা লাঠি দিয়ে পেটানো হয়েছে ভারতীয় জেলেদের, অভিযোগ মমতার

মমতা বলেন, ‘মাস খানেক আগে বাংলাদেশি ট্রলার আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ ছিল, আমরা চিকিৎসা করাই’

আপডেট : ০৭ জানুয়ারি ২০২৫, ১১:১৮ এএম

বাংলাদেশে আটক থাকা ৯৫ জন ভারতীয় জেলে ও নৌকর্মীকে তাদের দেশে পাঠানো হয়েছে। অপর দিকে ভারতে আটক থাকা ৯০ জন বাংলাদেশি জেলে ও নৌকর্মীকে দেশে ফিরিয়ে আনা হয়েছে।

সোমবার (৬ জানুয়ারি) গঙ্গাসাগরের সভায় বাংলাদেশে আটক হওয়া মৎস্যজীবীদের প্রয়োজনীয় সহায়তা দেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী।

ওই সভায় মমতা অভিযোগ করেন, (বাংলাদেশে) মারধর করা হয়েছে ভারতের মৎস্যজীবীদের। এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস।

সভায় মমতা বলেন, “পরিস্থিতির শিকার হয়েছিলেন আমাদের মৎস্যজীবীরা। সীমানা পেরিয়ে চলে গিয়েছিলেন। কয়েকজনকে দেখলাম খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটছে। সবাই নয়, আমি বললাম খুঁড়িয়ে হাঁটছেন কেন? তারা বলতে চাননি। জানতে পারলাম তাদের কয়েকজনকে মারধর করা হয়েছে। তাদের নিয়ে গিয়ে হাত দুটো দড়ি দিয়ে বেঁধে রাখা হয়েছিল। তাদের মোটা লাঠি দিয়ে মারা হয়েছে। কয়েকজনের শরীরে কোমর থেকে পা পর্যন্ত চোট। জামা-কাপড় পরে আছে বলে বোঝা যাচ্ছে না।”

তিনি আরও বলেন, “আমি ডিএমকে বলব তাদের চিকিৎসার ব্যবস্থা করতে। ওনাদের একটা ট্রলার এখানে চলে আসে। পানির মধ্যে সীমানা ঠিক করতে পারে না। কিন্তু আমরা বারণ করব আপনারা কখনও আমাদের সীমানার বাইরে যাবেন না। তাতে মাছ না উঠলে না উঠবে। জীবন থাকলে অনেক মাছ পাবেন। এই যে দুই মাস জেলে ছিলেন, পরিবারের কষ্ট হয়েছে। অনিশ্চিত ভবিষ্যৎ… মাস খানেক আগে বাংলাদেশি ট্রলার আমাদের সীমানায় ঢুকে পড়ে। তারা অসুস্থ ছিল, আমরা চিকিৎসা করাই। যত্নে রেখেছিলাম। তাদের আমরা ফেরতও দিয়েছিলাম।”

মমতা বলেন, “দুই দেশই মৈত্রীর বন্ধনে আবদ্ধ থাক এটা আমরা চাই। ওদের ট্রলার আটকে ছিল, অসুস্থ ছিল তাদের সম্পূর্ণ চিকিৎসা করে ভালো করে রেখে দেশের বদনাম যাতে না হয়, বাংলার কোনো বদনাম যাতে না হয়, ভারত সরকারকেও জানিয়েছিলাম। মৎস্যজীবীরা কেমন আছেন প্রতিদিন খোঁজ রাখতাম।”

উল্লেখ্য, গত অক্টোবর-নভেম্বর মাসে বাংলাদেশের জলসীমায় বাংলাদেশ কর্তৃপক্ষের কাছে ৯৫ জন ভারতীয় জেলে এবং তাদের ছয়টি মাছ ধরার ট্রলার জব্দ হয়। ২ জানুয়ারি সকালে বাগেরহাট ও পটুয়াখালী জেলা কারাগারে আটক এই ৯৫ ভারতীয় জেলে ও নৌকর্মীকে কারাগার থেকে মুক্তি দেওয়া হয়।

   

About

Popular Links

x