তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়্যেপ এরদোগানের অন্যতম প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইস্তানবুলের মেয়র একরেম ইমামোগলুকে গ্রেপ্তারের প্রতিবাদে চলমান বিক্ষোভের সংবাদ সংগ্রহ করার সময় ১০ জন সাংবাদিককে আটক করেছে তুরস্ক কর্তৃপক্ষ।
সোমবার (২৪ মার্চ) এই তথ্য জানিয়েছে তুরস্কের সাংবাদিক ইউনিয়ন। তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুর উদ্ধৃতি দিয়ে এএফপি এই খবর জানায়।
ইমামোগলুর গ্রেপ্তারের প্রতিবাদে তুরস্কের বিভিন্ন শহরে রাতভর চলে বিক্ষোভ। এই খবর সংগ্রহ করার সময় তাদের আটক করা হয়। তবে কেন সাংবাদিকদের আটক করা হয়েছে তা তাৎক্ষণিকভাবে জানানো হয়নি।
এর আগে, রবিবার তুরস্কের একটি আদালত ইস্তানবুলের মেয়র এবং প্রেসিডেন্ট এরদোয়ানের প্রধান রাজনৈতিক প্রতিদ্বন্দ্বী ইমামোগলুকে দুর্নীতির অভিযোগে কারাদণ্ড দেন। এরপর এক দশকেরও বেশি সময়ের মধ্যে দেশটির সবচেয়ে বড় বিক্ষোভ শুরু হয় তুরস্কে। অনেক শহরে রাস্তায় সমাবেশ করার ওপর নিষেধাজ্ঞা থাকা সত্ত্বেও রবিবার টানা পঞ্চম রাতে শান্তিপূর্ণ সরকারবিরোধী বিক্ষোভ করেন তুরস্কের মানুষ।
এদিকে ইমামোগলুর ওপর আদালতের সিদ্ধান্তের বিরুদ্ধে প্রতিবাদের ডাক দেয় প্রধান বিরোধী দল রিপাবলিকান পিপলস পার্টি (সিএইচপি)। যাকে তারা রাজনৈতিক এবং অগণতান্ত্রিক বলে অভিহিত করেছে।
তবে তুরস্ক সরকারের দাবি ইমামোগলুর বিরুদ্ধে আনা অভিযোগ রাজনৈতিকভাবে উদ্দেশ্যপ্রণোদিত নয় এবং আদালত স্বাধীনভাবে তাদের কাজ করছেন। ইমামোগলুও তার বিরুদ্ধে আনা অভিযোগগুলোকে অস্বীকার করেছেন এবং দেশব্যাপী প্রতিবাদের ডাক দিয়েছেন।



তুরস্কের প্রেসিডেন্টপ্রার্থী মনোনয়ন পাওয়ার দিন কারাগারে