Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

লাইভ সংবাদ চলাকালে অস্ট্রেলিয়ান নারী সাংবাদিক গুলিবিদ্ধ

লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভের সংবাদ সরাসরি সম্প্রচার করছিলেন তিনি

আপডেট : ১০ জুন ২০২৫, ১১:৪৫ এএম

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে অভিবাসনবিরোধী বিক্ষোভের সংবাদ সরাসরি সম্প্রচারের সময় অস্ট্রেলিয়ার সংবাদমাধ্যম নাইন নিউজের নারী সাংবাদিক লরেন তোমাসি রাবার বুলেটে আহত হয়েছেন। সরাসরি সম্প্রচারের সময় ক্যামেরায় ধরা পড়েছে ঘটনাটি। সংবাদমাধ্যম সিএনএন এ খবর জানিয়েছে।

রবিবার (৮ জুন) বিক্ষোভকারীদের সঙ্গে লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট এবং ন্যাশনাল গার্ড সৈন্যদের সংঘর্ষের সময় এ ঘটনা ঘটে। বিক্ষোভকারীরা প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতির বিরুদ্ধে প্রতিবাদ জানাচ্ছিলেন।

প্রতিবেদনে বলা হয়েছে, নাইন নিউজের যুক্তরাষ্ট্রের প্রতিনিধি লরেন তোমাসি ঘটনার সময় ক্যামেরার সামনে থেকে খবর জানাচ্ছিলেন। এসম তিনি বলছিলেন, “ঘণ্টার পর ঘণ্টা একই রকম থাকার পর, পরিস্থিতি দ্রুত খারাপের দিকে যাচ্ছে। লস অ্যাঞ্জেলেস পুলিশ ডিপার্টমেন্ট ঘোড়ায় চড়ে বিক্ষোভকারীদের দিকে রাবার বুলেট ছুড়ে লস অ্যাঞ্জেলেসের কেন্দ্রস্থল থেকে তাদের সরিয়ে দিচ্ছে”।

এর কয়েক সেকেন্ড পরই তোমাসি একটি রাবার বুলেটের আঘাতে আহত হন। সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া এ ঘটনার ভিডিওতে দেখা যায়, নিরাপত্তা বাহিনীর এক সদস্য ওই সাংবাদিক এবং তার ক্যামেরাম্যানকে লক্ষ করে গুলি ছুড়ছেন।

ভিডিওতে আরও দেখা যায়, তোমাসি কাঁদতে কাঁদতে তার পা জড়িয়ে ধরছেন। একজন পথচারী পুলিশ অফিসারকে চিৎকার করে বলছেন, “তুমি তো সাংবাদিককে গুলি করেছো!” উপস্থিত কয়েকজন তিনি ঠিক আছেন কিনা জানতে চাইলে, তোমাসি উত্তরে বলছেন, “আমি ভালো আছি।”

নাইন নিউজ এক বিবৃতিতে জানায়, লরেন তোমাসি একটি রাবার বুলেটের আঘাতে আহত হয়েছেন। লরেন ও তার ক্যামেরা পার্সন নিরাপদ আছেন এবং তারা তাদের কাজ চালিয়ে যাবেন। এই বিক্ষোভ লস অ্যাঞ্জেলেসের ডাউনটাউনে অবস্থিত মেট্রোপলিটন ডিটেনশন সেন্টারকে কেন্দ্র করে ছিল। সেখান থেকে অনেককে আটকও করা হয়েছে।

এদিকে, অস্ট্রেলিয়ার গ্রিনস পার্টির সিনেটর সারাহ হ্যানসন-ইয়ং প্রধানমন্ত্রী অ্যান্থনি আলবানিজকে যুক্তরাষ্ট্র প্রশাসনের কাছে জরুরি ব্যাখ্যা চাওয়ার আহ্বান জানিয়েছেন।

সিনেটর বলেন, “মার্কিন কর্তৃপক্ষের একজন অস্ট্রেলিয়ান সাংবাদিককে গুলি করা সত্যিই মর্মান্তিক এবং সম্পূর্ণ অগ্রহণযোগ্য।”

   

About

Popular Links

x