ইসরায়েলের একের পর এক বিমান হামলার মধ্যেই ইরানের উত্তরাঞ্চলে ৫.১ মাত্রার একটি ভূমিকম্প আঘাত হেনেছে বলে জানিয়েছে যুক্তরাষ্ট্রের ভূতাত্ত্বিক জরিপ সংস্থা (ইউএসজিএস)। খবর বার্তা সংস্থা এএফপি ও দ্য নিউইয়র্ক টাইমসের।
ইউএসজিএসের বরাত দিয়ে এএফপির প্রতিবেদনে জানানো হয়েছে, ভূমিকম্পটি ভূপৃষ্ঠ থেকে ১০ কিলোমিটার (৬ মাইল) গভীরে এবং ইরানের সেমনান শহর থেকে প্রায় ৩৭ কিলোমিটার (২৩ মাইল) দক্ষিণ-পশ্চিমে সংঘটিত হয়েছে। তবে ইরানের বার্তা সংস্থা তাসনিম ভূমিকম্পের মাত্রা ৫.২ বলে জানিয়েছে।
ভূতাত্ত্বিক জরিপ সংস্থা আরও জানায়, ইরানের কোম প্রদেশে অবস্থিত ফর্দো পারমাণবিক স্থাপনার কাছাকাছি এই ভূমিকম্পটি আঘাত হানে।
প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়েছে, ভূমিকম্পের প্রভাব রাজধানী তেহরান পর্যন্ত পৌঁছায়। ভূমিকম্পের উপকেন্দ্র ছিল ইরানের সেমনান শহর। এটি তেহরান থেকে প্রায় ১৪৫ মাইল পূর্বে। কম্পনের তীব্রতা হালকা ছিল এবং এ পর্যন্ত কোনো ধরনের ক্ষয়ক্ষতির খবর পাওয়া যায়নি।



