Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

ট্রাম্প: ইরান-ইসরায়েল সম্পূর্ণ যুদ্ধবিরতিতে রাজি

যুদ্ধবিরতি কার্যকর হলে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ১২ দিনের সংঘাতের অবসান ঘটবে

আপডেট : ২৪ জুন ২০২৫, ০৯:৩২ এএম

ইরান ও ইসরায়েল সম্পূর্ণ ও পুরোপুরি যুদ্ধবিরতিতে রাজি হয়েছে বলে জানিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। যা আগামী ২৪ ঘণ্টার মধ্যে পর্যায়ক্রমে কার্যকর হবে।

স্থানীয় সময় সোমবার (২৩ জুন) সামাজিকমাধ্যমে দেওয়া এক পোস্টে তিনি এমন দাবি করেন।

যুদ্ধবিরতি কার্যকর হলে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান ১২ দিনের সংঘাতের অবসান ঘটবে।

সবাইকে অভিনন্দন জানিয়ে ট্রাম্প লেখেন, “২৪ ঘণ্টার মধ্যে এ যুদ্ধ বিরতি কার্যকর হবে। আনুষ্ঠানিকভাবে ইরান ১২তম ঘণ্টায় এবং ইসরায়েল ২৪তম ঘণ্টায় এ যুদ্ধ শেষ করবে। সবকিছু ঠিকভাবে চললে ১২ দিনের এ যুদ্ধ শেষ হবে, যাকে স্বাগত জানাবে বিশ্ব। যুদ্ধবিরতির সময় উভয় পক্ষ শান্তি বজায় রাখবে ও শ্রদ্ধাশীল থাকবে।”

এর আগে তিনজন শীর্ষ কর্মকর্তার বরাতে আলজাজিরার খবরে বলা হয়েছে, ইসরায়েল তার ইরানবিরোধী সামরিক অভিযান শিগগিরই শেষ করতে চায় এবং সে বার্তা যুক্তরাষ্ট্রকে জানানো হয়েছে। তবে সবকিছু নির্ভর করছে তাদের প্রতিপক্ষ ইরানের পরবর্তী পদক্ষেপের ওপর।

আরও দুই কর্মকর্তার ভাষ্য অনুযায়ী, ইসরায়েলি নেতারা এখন এমন একটি নির্ভরযোগ্য “এগজিট স্ট্র্যাটেজি” নিয়ে কাজ করছেন, যার মাধ্যমে অভিযান শেষ করা যাবে এবং ইরানের ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলাও থেমে যাবে- ফলে পাল্টা-পাল্টি হামলার চক্রে পঙ্গু হয়ে পড়ার ঝুঁকি কমবে।

বিষয়টি সম্পর্কে অবগত একটি সূত্র জানিয়েছে, ইসরায়েলি সেনাবাহিনী মনে করছে, তারা তাদের কৌশলগত লক্ষ্য পূরণ করার কাছাকাছি পৌঁছে গেছে।

ইসরায়েল ইরানে হামলার সময় নিজে বেছে নিয়েছিল, কিন্তু সংঘাত কখন শেষ হবে তা তাদের ইচ্ছার ওপর হয়ত নির্ভর করবে না। তেহরান যদি লড়াই দীর্ঘায়িত করার সিদ্ধান্ত নেয়, তাহলে ইসরায়েল একটি ব্যয়বহুল যুদ্ধের ফাঁদে পড়তে পারে বলে মনে করছেন বিশ্লেষকরা।

   

About

Popular Links

x