Friday, July 03, 2026

সেকশন

English
Dhaka Tribune

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী বাড়িয়ে পরিপত্র জারি

একইসঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ২০২৫ সালের ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে

আপডেট : ০৩ জুলাই ২০২৬, ১২:২৪ পিএম

বিভাগ, মন্ত্রণালয়, অধিদপ্তর, পরিদপ্তর, দপ্তরে নিয়োগ ও পদোন্নতি-সংক্রান্ত বিভিন্ন কার্যক্রমে দায়িত্ব পালনকারী কর্মকর্তা-কর্মচারীদের সম্মানী ও আনুষঙ্গিক ব্যয়ের নতুন হার নির্ধারণ করা হয়েছে।

সরকারের নতুন নির্দেশনা অনুযায়ী, পরীক্ষা পরিচালনার সঙ্গে সরাসরি সম্পৃক্ত কর্মকর্তা-কর্মচারীদের কয়েকটি ক্ষেত্রে সম্মানীর হার বাড়ানো হয়েছে। একইসঙ্গে উত্তরপত্র নিরীক্ষণ, ওএমআর টপশিট, লিথোগ্রাফিক কোডিং-ডিকোডিংসহ কয়েকটি নতুন ব্যয় খাতও সংযোজন করা হয়েছে।

বৃহস্পতিবার (২ জুলাই) অর্থ বিভাগের জারি করা এক পরিপত্রে এ তথ্য জানানো হয়।

পরিপত্র অনুযায়ী, প্রশ্নপত্র প্রণয়নের জন্য জনপ্রতি সম্মানী আগের মতোই ৬,০০০ টাকা বহাল রাখা হয়েছে। বিভাগীয় নির্বাচন বা পদোন্নতি কমিটির সদস্যদের প্রতি সভায় জনপ্রতি ৬,০০০ টাকা এবং মৌখিক বা ব্যবহারিক পরীক্ষা বোর্ডের সদস্য ও বিশেষজ্ঞদের প্রতিদিন জনপ্রতি ৬,০০০ টাকা প্রদান করা হবে।

এছাড়া উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পূর্ণ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৩০ টাকা এবং পূর্ণ অবজেকটিভ টাইপ উত্তরপত্র পরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ৩৫ টাকা অপরিবর্তিত রাখা হয়েছে। তবে নতুন করে উত্তরপত্র নিরীক্ষণের জন্য প্রতিটি খাতায় ১৫ টাকা সম্মানী নির্ধারণ করা হয়েছে।

পরীক্ষা পরিচালনার সঙ্গে প্রত্যক্ষভাবে সম্পৃক্ত কর্মচারীদের সম্মানীর হার বাড়ানো হয়েছে। নতুন হার অনুযায়ী, ৯ম গ্রেড ও তদূর্ধ্ব গ্রেডের কর্মচারীরা প্রতিদিন ১,৮০০ টাকা পাবেন, যা আগে ছিল ১,২০০ টাকা। ১০ম থেকে ১৬তম গ্রেডের কর্মচারীরা পাবেন ১,২০০ টাকা, যা আগে ছিল ১,০০০ টাকা। আর ১৭তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের সম্মানী ৮০০ টাকা থেকে বাড়িয়ে ১,০০০ টাকা করা হয়েছে।  

পাশাপাশি খাতা পুনর্মূল্যায়নের জন্য প্রতিটি খাতায় ৫০ টাকা, লিখিত পরীক্ষার ভেন্যুর প্রতিষ্ঠানপ্রধান বা তার মনোনীত সমন্বয়কারীকে ৩,৫০০ টাকা এবং লিখিত পরীক্ষাকেন্দ্রের পরিদর্শককে প্রতিদিন ১,৮০০ টাকা সম্মানী আগের মতোই বহাল রাখা হয়েছে।  

নতুন পরিপত্রে লিখিত পরীক্ষার আসনবিন্যাস বাবদ পরীক্ষার্থীপ্রতি ৩ টাকা, উত্তরপত্র প্রস্তুত (কাগজসহ) বাবদ পরীক্ষার্থীপ্রতি ১২ টাকা এবং প্রশ্নপত্র তৈরি, কাগজ, ডুপ্লিকেটিং মেশিন ভাড়া (প্রযোজ্য ক্ষেত্রে) ও কালি বাবদ পরীক্ষার্থীপ্রতি ৫ টাকা ব্যয়ের বিধান রাখা হয়েছে। আগে উত্তরপত্র প্রস্তুতের জন্য পরীক্ষার্থীপ্রতি ৬ টাকা নির্ধারিত ছিল।

এছাড়া নতুনভাবে ওএমআর টপশিট মুদ্রণ ও ক্রয়ের জন্য ইউনিটপ্রতি ২০ টাকা, লিথোগ্রাফিক কোডিং ও ডিকোডিংয়ের জন্য ইউনিটপ্রতি ৫ টাকা এবং প্রচলিত কোডিং ও ডিকোডিংয়ের জন্য নির্ধারণ করা হয়েছে ইউনিটপ্রতি ৪ টাকা ব্যয়।

পরিপত্রে আরও বলা হয়েছে, লিখিত, ব্যবহারিক বা মৌখিক পরীক্ষা গ্রহণ, প্রশ্নপত্র প্রণয়ন ও উত্তরপত্র মূল্যায়নের সময় আপ্যায়ন ব্যয় সরকারের সবশেষ নির্দেশনা ও ‘আর্থিক ক্ষমতা অর্পণ-২০২৬’ অনুসারে নির্বাহ করতে হবে। প্রয়োজনে দুপুর বা রাতের খাবারের ব্যয় সংশ্লিষ্ট বিধান অনুযায়ী বহন করা যাবে এবং নাশতার জন্য দৈনিক সর্বোচ্চ দুবার ব্যয় করা যাবে।

এছাড়া ট্রাংক, তালা-চাবি, কাগজ, কলমসহ অন্য আনুষঙ্গিক বিবিধ ব্যয় ১৫,০০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

পরিপত্র জারির দিন থেকেই নতুন হার কার্যকর হবে। একইসঙ্গে এ বিষয়ে অর্থ বিভাগের ২০২৫ সালের ২০ অক্টোবরের ৩৩০ নম্বর স্মারক বাতিল করা হয়েছে।

   

About

Popular Links

x