Tuesday, July 07, 2026

সেকশন

English
Dhaka Tribune

বার কাউন্সিলের লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা

২২ আগস্ট অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই পরীক্ষা

আপডেট : ০৭ জুলাই ২০২৬, ০৯:১২ পিএম

বাংলাদেশ বার কাউন্সিলের আইনজীবী তালিকাভুক্তির (এনরোলমেন্ট) লিখিত পরীক্ষার তারিখ ঘোষণা করা হয়েছে। আগামী ২২ আগস্ট (শনিবার) অনুষ্ঠিত হবে বহুল প্রতীক্ষিত এই পরীক্ষা।

মঙ্গলবার (৭ জুলাই) বার কাউন্সিলের সচিব মোহাম্মদ কামাল হোসেন শিকদার স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ আগস্ট সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত টানা চার ঘণ্টা লিখিত পরীক্ষা অনুষ্ঠিত হবে। গত ১২ জুন অনুষ্ঠিত এনরোলমেন্ট এমসিকিউ পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরাই কেবল এই লিখিত পরীক্ষায় অংশগ্রহণের সুযোগ পাবেন। এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হয় গত ৬ জুলাই অনুষ্ঠিত এনরোলমেন্ট কমিটির সভায়।

পরীক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা দিয়ে বার কাউন্সিল জানিয়েছে, লিখিত পরীক্ষায় অংশ নিতে আগ্রহী সকল প্রার্থীকে নির্ধারিত ওয়েবলিংকের মাধ্যমে অনলাইনে ফরম পূরণ এবং নিজস্ব প্রোফাইল সাবমিট করতে হবে। নির্ধারিত সময়ের মধ্যে প্রোফাইল সাবমিট না করলে কোনো প্রার্থীর নামে লিখিত পরীক্ষার প্রবেশপত্র (অ্যাডমিট কার্ড) ইস্যু করা হবে না।

এছাড়া পরীক্ষা-বিধি অনুযায়ী পুনরায় পরীক্ষায় অংশগ্রহণকারী (রি-অ্যাপিয়ার) প্রার্থীদের অনলাইনে ফরম পূরণ ও ফি জমা দেওয়ার নিয়ম এবং নিয়মিত (রেগুলার) প্রার্থীদের প্রোফাইল সাবমিট-সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা খুব শিগগিরই প্রকাশ করা হবে।

বার কাউন্সিল আরও জানিয়েছে, লিখিত পরীক্ষা সংক্রান্ত পরবর্তী সব নির্দেশনা, বিজ্ঞপ্তি ও হালনাগাদ তথ্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে। তাই পরীক্ষার্থীদের নিয়মিত ওয়েবসাইটে নজর রাখার পরামর্শ দেওয়া হয়েছে।

   

About

Popular Links

x