পিরোজপুরে শিক্ষার মানোন্নয়ন ও ভৌত অবকাঠামোগত প্রসারে নতুন দিগন্তের উন্মোচন হয়েছে। জেলা সদরের ঐতিহ্যবাহী পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয় এবং পিরোজপুর সরকারি টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের নবনির্মিত দুটি বহুতল একাডেমিক ভবনের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়েছে।
বুধবার (২৩ সেপ্টেম্বর) সকালে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে ভবন দুটির শুভ উদ্বোধন করেন গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী আলহাজ্ব আহমেদ সোহেল মনজুর সুমন।
উদ্বোধনী অনুষ্ঠান শেষে পরিবেশ সংরক্ষণ ও সবুজ ক্যানভাস গড়ে তোলার লক্ষ্যে প্রতিমন্ত্রী উপস্থিত অতিথিবৃন্দকে সাথে নিয়ে বিদ্যালয় প্রাঙ্গণে বৃক্ষের চারা রোপণ করেন।
অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে প্রতিমন্ত্রী বলেন, “শিক্ষার্থীদের আধুনিক, নিরাপদ ও শিক্ষাবান্ধব পরিবেশ উপহার দেওয়াই সরকারের অন্যতম প্রধান লক্ষ্য। মানসম্মত শিক্ষার প্রসারে নতুন এই সুদৃশ্য অবকাঠামো পিরোজপুরে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে এবং কোমলমতি শিক্ষার্থীদের পাঠদানে আরও উৎসাহিত করবে।”
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পিরোজপুরের জেলা প্রশাসক আবু সাঈদ এবং জেলা পরিষদ প্রশাসক অধ্যক্ষ আলমগীর হোসেন।
জেলা শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কারিগরি প্রস্তুতি ও নির্ধারিত সময়ের আগে ভবন নির্মাণের সাফল্য তুলে ধরে নির্বাহী প্রকৌশলী মোঃ জহিরুল ইসলাম বলেন, “পিরোজপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ে আমাদের অধিদপ্তরের অধীনে নির্মিত ৬ তলা একাডেমিক ভবনটি জেলার শিক্ষা প্রসারে অনন্য ভূমিকা রাখবে। ২০২৩ সালের ১৭ সেপ্টেম্বর এখানে যোগদানের পর জরাজীর্ণ অবস্থা দেখে উর্ধ্বতন কর্তৃপক্ষ ও জেলা প্রশাসনের সহযোগিতায় দ্রুত নির্মাণের উদ্যোগ নেওয়া হয়। নির্ধারিত সময়ের দুই মাস আগেই দুই শিফটে শ্রমিক নিয়োগ করে আমরা নির্মাণকাজ সফলভাবে সম্পন্ন করতে পেরেছি।”
এছাড়া পিরোজপুর টেকনিক্যাল স্কুল অ্যান্ড কলেজের ভবনটির নির্মাণকাজও সফলভাবে সম্পন্ন হয়েছে বলে জানান তিনি।
অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার ইদ্রিস আলী আযিযী, পিরোজপুর জেলা বিএনপির আহ্বায়ক নজরুল ইসলাম খান এবং সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক রিতা রানী বল। এছাড়া শিক্ষা প্রকৌশল অধিদপ্তরের কর্মকর্তা-কর্মচারী, স্থানীয় রাজনৈতিক নেতৃবৃন্দ, বিভিন্ন সরকারি দপ্তরের প্রতিনিধি এবং উভয় প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ উপস্থিত ছিলেন।
দীর্ঘদিনের কাঙ্ক্ষিত বহুতল একাডেমিক ভবন পাওয়ায় সন্তোষ ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন প্রতিষ্ঠানের শিক্ষক-শিক্ষার্থীরা। তারা জানান, নতুন অবকাঠামোর ফলে শ্রেণিকক্ষের বিদ্যমান সংকট দূর হবে এবং মনোরম পরিবেশে পাঠদান পরিচালনা সম্ভব হবে।



