Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

কুবি উপাচার্য: ষড়যন্ত্রে ব্যর্থ হয়ে বঙ্গবন্ধুকে সপরিবারে হত্যা করা হয়

শিক্ষার্থীদের জন্য নির্মিত ‘বঙ্গবন্ধু লার্নিং হাব’উদ্বোধন করেন উপাচার্য

আপডেট : ১৮ মার্চ ২০২৪, ০৫:৫৪ পিএম

কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বলেছেন, বঙ্গবন্ধুর ৫৫ বছর জীবনে বছরের পর বছর কারাগারে কাটিয়েছেন, অনেক ত্যাগ-তিতিক্ষা ও জুলুম সহ্য করেছেন। তিনি এসব করেছেন এদেশের জনগণের জন্য। অথচ তিনি যখন দেশ গড়ার কাজে নিয়োজিত হন, তখন তাকে টেনেহিচঁড়ে নামানোর চেষ্টা করা হয়েছে। এসব করে ব্যর্থ হয়ে সপরিবার হত্যা করা হয়েছে এই অবিসংবাদিত নেতাকে।

তিনি আরও বলেন, বঙ্গবন্ধুর হত্যাকারীদের দেশে-বিদেশে বিভিন্ন সুযোগ সুবিধা দিয়ে পদে বসানো হয়েছে। ষড়যন্ত্রকারীরা মিথ্যার আশ্রয় নিয়ে বঙ্গবন্ধুর সিদ্ধান্ত ও নেতৃত্বকে ভুল প্রমাণিত করতে চেয়েছিল। কিন্তু তার অবদানকে ম্লান করা সম্ভব হয়নি। বঙ্গবন্ধুর মতো আজ বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা দিন-রাত পরিশ্রম করে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন।

রবিবার (১৭ মার্চ) কুমিল্লা বিশ্ববিদ্যালয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানে এসব কথা বলেন।

দিবসটি উপলক্ষে ক্যাম্পাসে ফ্রি মেডিক্যাল ক্যাম্প, শিশুদের চিত্রাঙ্কন প্রতিযোগিতা, বঙ্গবন্ধু লার্নিং হাব উদ্বোধন, মুজিব একটি জাতির রূপকার চলচ্চিত্র প্রদর্শন, বঙ্গবন্ধুর ভাষণ ও দেশাত্মবোধক গান পরিবেশন করা হয়।

অনুষ্ঠানে উপাচার্য আরও বলেন, “আজ আমাদের বিশ্ববিদ্যালয়েও মিথ্যার সংস্কৃতি গড়ে উঠেছে। নিজেদের অর্জন নিয়েও আমরা অনেকে সমালোচনা করি। একটি ইতিবাচক ধারায় এগিয়ে যেতে হলে মিথ্যার সংস্কৃতি থেকে আমাদের বেরিয়ে আসতে হবে। সত্য ও ন্যায়ের পথে চলতে হবে, তবেই উন্নয়ন অব্যাহত রাখা সম্ভব।”

দিবসটি উপলক্ষে দিনভর নানা কর্মসূচির মধ্যে বাদ আসর দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।

এছাড়া, সকালে ক্যাম্পাসে র‌্যালি শেষে উপাচার্য প্রফেসর ড. এ এফ এম আবদুল মঈন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করেন। এরপর শিক্ষক সমিতি, ছাত্রলীগ কুবি শাখা, কর্মকর্তা পরিষদ এবং কর্মচারী সমিতির পক্ষ থেকেও বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ করা হয়। সবশেষে শিক্ষার্থীদের জন্য নির্মিত “বঙ্গবন্ধু লার্নিং হাব” উদ্বোধন করেন উপাচার্য।

   

About

Popular Links

x