Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি- ২০২৪ প্রদান

সরাইল ও আশুগঞ্জ উপজেলার প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রী এবং বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়

আপডেট : ১৩ জুলাই ২০২৪, ০৫:০৩ পিএম

ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলায় ১০ম বারের মতো অনুষ্ঠিত হলো “আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি- ২০২৪”। শনিবার (১৩ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার স্বাধীনতা হলে এই বৃত্তি প্রদান অনুষ্ঠিত হয়।

আশুতোষ চক্রবর্তীর পরিবারের পক্ষ থেকে বিগত বছরগুলোর ধারাবাহিকতায় এবারও শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়। সরাইল ও আশুগঞ্জ উপজেলার ১৩টি শীর্ষস্থানীয় স্কুলের ৬ষ্ঠ থেকে ১০ম শ্রেণীর মেধাতালিকায় প্রথম স্থান অধিকারী ছাত্র-ছাত্রী, পাশাপাশি সরাইলের বিভিন্ন উচ্চ বিদ্যালয়ের দরিদ্র মেধাবী শিক্ষার্থীদের মধ্যে এ শিক্ষাবৃত্তি বিতরণ করা হয়।

মোট ১০০ জন শিক্ষার্থীকে এই শিক্ষাবৃত্তি দেওয়া হয়। আর্থিক অনুদানের পাশাপাশি প্রত্যেক শিক্ষার্থীকে মেডেল, ক্রেস্ট, সার্টিফিকেট ও গিফট বক্স দেওয়া হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন চট্টগ্রাম-২ বিভাগে বিচারপতি মো. কামরুল হোসেন মোল্লা। তিনি তার বক্তব্যে শিক্ষার্থীদের পড়াশুনোর প্রতি অধিক মনোযোগী হওয়ার উপদেশ দেন।

তিনি বলেন, “শিক্ষা ছাড়া কোনো জাতি উন্নতি করতে পারে না। তাই শিক্ষা ব্যবস্থার ওপর আমাদের সর্বোচ্চ জোর দিতে হবে।” এ সময় তিনি শিক্ষার্থীদের মধ্যে শিক্ষাবৃত্তি বিতরণ করায় আশুতোষ চক্রবর্তীর পরিবারকে ধন্যবাদ জানান।

অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য রাখেন ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের ব্যবস্থাপনা পরিচালক এবং আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তির প্রধান উদ্যোক্তা ডা. আশীষ কুমার চক্রবর্তী।

আশুতোষ চক্রবর্তীর স্ত্রী ও বৃত্তি অনুষ্ঠানের প্রধান উপদেষ্টা পুষ্প চক্রবর্তীর সভাপতিত্বে অনুষ্ঠানে গেস্ট অব অনার হিসেবে বক্তব্য রাখেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক-২ মো. শহীদুল ইসলাম।

বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ হাবিবুর রহমান, ব্রাহ্মণবাড়িয়ার পুলিশ সুপার মোহাম্মদ শাখাওয়াত হোসেন বিপিএম (সেবা) এবং ব্রাহ্মণবাড়িয়ার ১ম যুগ্ম জেলা ও দায়রা জজ মো. নজরুল ইসলাম।

অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সরাইল উপজেলা পরিষদের চেয়ারম্যান মো. শের আলম মিয়া, সরাইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. মেজবা উল আলম ভূঁইয়া, সরাইল সার্কেলের সহকারী পুলিশ সুপার মো. রকিবুল হাসান এবং সরাইল থানার অফিসার ইনচার্জ মো. এমরানুল ইসলাম।

বক্তারা তাদের বক্তব্যে এরকম শিক্ষা উদ্দীপনামূলক কর্মকাণ্ডে দীর্ঘদিন ধরে পৃষ্ঠপোষকতা করার জন্য আয়োজকদের ধন্যবাদ জ্ঞাপন করেন, পাশাপাশি এই বৃত্তির কলেবর আরও বৃদ্ধির আহ্বান জানান। এছাড়া বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীবৃন্দ, তাদের অভিভাবক ও শিক্ষক প্রতিনিধিগণ তাদের অনুভূতি প্রকাশ করেন।

উল্লেখ্য, “আশুতোষ চক্রবর্তী স্মারক শিক্ষাবৃত্তি” রাজধানীর ইউনিভার্সেল মেডিকেল কলেজ হাসপাতালের একটি শিক্ষা সামাজিক উদ্যোগ, যা দীর্ঘদিন ধরে এই অঞ্চলের পিছিয়ে পড়া জনগোষ্ঠীর শিক্ষা বিস্তারে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে।

   

About

Popular Links

x