২০২৫-২৬ অর্থবছরের প্রথম দিনেই (১ জুলাই) মোংলা বন্দরে ভিড়েছে চারটি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এর মাধ্যমে আগের অর্থবছরের সাফল্যের ধারাবাহিকতা বজায় রেখেছে দেশের দ্বিতীয় সমুদ্রবন্দরটি।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, মঙ্গলবার বন্দরের ০৫ নম্বর জেটিতে ২৯৯ টিইইউ কন্টেইনার নিয়ে এসেছে সিঙ্গাপুরের পতাকাবাহী জাহাজ কোটা রেস্টু। ০৬ নম্বর জেটিতে চিটাগুড় নিয়ে ভিড়েছে পানামার এমটি হাইয়ং। ০৭ নম্বর জেটিতে রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্রের যন্ত্রাংশ নিয়ে এসেছে সিয়েরা লিওনের এমভি হিস্ট্রি এডওয়ার্ড এবং ০৯ নম্বর জেটিতে পাওয়ার গ্রিড কোম্পানির যন্ত্রাংশ নিয়ে রয়েছে পানামার এমভি ডি এস প্রপার্টি জাহাজ।
এছাড়া বন্দরের চ্যানেলের হাড়বাড়িয়ায় অবস্থান করছে ৭টি, বেসক্রিক এলাকায় ২টি, এলপিজি জেটিতে ১টি এবং পোর্ট লিমিটে মোট ১৪টি বিদেশি বাণিজ্যিক জাহাজ। এসব জাহাজে রয়েছে পাওয়ার গ্রিড ও রূপপুর প্রকল্পের যন্ত্রাংশ, কয়লা, চিটাগুড়, চাল, সার, ক্লিংকার, এলপিজি, পাথর ও সিমেন্ট তৈরির কাঁচামাল।
মোংলা বন্দর কর্তৃপক্ষ জানিয়েছে, ২০২৪-২৫ অর্থবছরে বিদেশি জাহাজ আগমন, কার্গো ও কন্টেইনার হ্যান্ডলিং, গাড়ি আমদানি ও আয়ের সকল লক্ষ্যমাত্রা অতিক্রম করেছে বন্দরটি। নতুন অর্থবছরের শুরুতেই চারটি জাহাজ আগমন বন্দরের সক্ষমতার ধারাবাহিকতা প্রমাণ করে।



