চীনামাটির তৈরি একটি বাটির দাম কত হতে পারে বলে আপনার ধারণা? আপনার ধারণা যেমনই হোক, সেটি নিশ্চয়ই কোটি টাকার অঙ্কে পৌঁছাবে না! তবে, বাস্তবে তেমনিটিই ঘটেছে।কিন্তু সেটি এক বা দুই কোটি না, প্রায় ২৬৩ কোটি টাকা।
সম্প্রতি চীনের নিলামকারী প্রতিষ্ঠান সথবিস হংকংয়ে শিল্পকর্ম বিক্রির এক নিলামে একটি সাড়ে চার ইঞ্চি ব্যাসের চীনামাটির বাটি ২৬২ কোটি ৭৮ লাখ টাকায় (আড়াই কোটি মার্কিন ডলারে) বিক্রি করেছে। এ বাটির বৈশিষ্ট্য হচ্ছে এর গায়ে আঁকা চিত্রকর্ম।
সথবিস বলেছে, বাটিটি গুরুত্বপূর্ণ প্রাচীন নিদর্শন। এটি “ফালাংকাই” বা বিদেশি রং নামে পরিচিত একটি ঐতিহ্যের অংশ। বেইজিংয়ের রাজকীয় কারখানায় ১৭২২ থেকে ১৭৩৫ খ্রিস্টাব্দের কোনো এক সময় বিরল সিরামিক ব্যবহার করে এটি তৈরি করা হয়। বেইজিংয়ের বিখ্যাত ফরবিডেন সিটি বা নিষিদ্ধ নগরী হিসেবে পরিচিত প্রাচীন শহরটির কারিগরদের হাতে তৈরি হয়েছিল বাটিটি।ওই সময় ছিল সম্রাট ইয়ংজেং–এর শাসনামল।
সিএনএনের প্রতিবেদনে বলা হয়, শনিবার (৮ এপ্রিল) বাটিটি বিক্রি হয়। বাটিটিতে দুটি সোয়ালো পাখি, প্রস্ফুটিত অ্যাপ্রিকট ও উইলো গাছের চিত্রকর্ম ফুটে উঠেছে। বাটির এ নকশায় ইয়ংজেংয়ের মিং রাজবংশের পূর্বসূরি ওয়ানলি সম্রাটের কবিতার অংশ তুলে ধরা হয়েছে।
সিরামিক বিশেষজ্ঞ রেজিনা ক্রাল বলেন, “ইয়ংজেং যুগে পাখি ও ফুলের প্রসঙ্গ তুলে ধরার প্রথা জনপ্রিয় ছিল। চীনামাটির বাসনের ওপর প্রাচীন চিত্রকলার বিষয়টি ফুটিয়ে তোলার প্রাচীন নিদর্শনের অন্যতম একটি উপাদান এ বাটি। যে ধরনের শিল্পকর্ম ওই বাটিতে তুলে ধরা হয়েছে, তা বেইজিংয়ে খুব স্বল্প সময়ের জন্য স্থায়ী হয়েছিল।”



