Sunday, June 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

নবাবগঞ্জে গরিবের বাজারে ভিড়

উদ্বোধনী দিনে ১৬ ধরনের পণ্য বাজারমূল্যের অর্ধেক দামে সরবরাহ করা হয় 

আপডেট : ০৯ ফেব্রুয়ারি ২০২৩, ০৪:৪৫ পিএম

গ্রাম কিংবা শহর, সর্বত্র দ্রব্যমূলের ঊর্ধ্বগতিতে বিপর্যস্ত নিম্নআয়ের মানুষ। জীবনযাপন তাদের জন্য হয়ে পড়েছে কঠিন। এ অবস্থায় নিম্নআয়ের ক্রেতাদের কথা ভেবে বাজারমূল্যের অর্ধেক দামে পণ্য দিচ্ছে ‘‘গরিবের বাজার''। 

ঢাকার নবাবগঞ্জে ‘‘গরিবের বাজার''-এ এখন ক্রেতাদের উপচেপড়া ভিড়। বাজারটির ক্রেতা মূলত নিম্নআয়ের মানুষ। কেউ রিকশাচালক, কেউ দোকান কর্মচারী, কেউ দিনমজুর। তাই স্থানীয়ভাবে বাজারটি ‘‘গরিবের বাজার'' বলেই পরিচিত। প্রবাসী মজিবুর রহমান মিলন এ মহতি কাজের উদ্যোক্তা।

বৃহস্পতিবার (৯ ফেব্রুয়ারি) বেলা ১১টায় ভয়েস এশিয়ান ডট নিউজের আয়োজনে উদ্বোধনী দিনে প্রায় ৫০টি পরিবারে ১৬ ধরনের পণ্য বাজারমূল্যের অর্ধেক দামে সরবরাহ করা হয়।

প্রত্যেক ক্রেতা তিন কেজি করে মিনিকেট চাল, এক কেজি মসুর ডাল, এক লিটার সয়াবিন তেল, এক কেজি করে চিনি, আটা, পেঁয়াজ ও আলু, ৫০ গ্রাম হলুদ, ৫০ গ্রাম মরিচ, ৮টি ডিম, এক প্যাকেট নুডুলস, একটি সাবান, এক কেজি কাপড় কাচার পাউডার, দুই পাতা নাপা ট্যাবলেট, গ্যাস্টি্রকের ওষুধ দুই পাতা, পাঁচ প্যাকেট খাবার স্যালাইন পান। উল্লিখিত পণ্যের প্যাকেজ মূল্য ধরা হয় ৬৫০ টাকা।

আসন্ন রমজান উপলক্ষে এ আয়োজন করেন উদ্যোক্তা। রমজান মাসেও এসব পণ্য পাওয়া যাবে বলে জানান আয়োজকরা।

‘‘গরিবের বাজার''-এর উদ্যোক্তা মজিবুর রহমান মিলন বলেন, “ঢাকা ও চট্টগ্রামে প্রাথমিকভাবে এই বাজার পরিচালিত হলেও আগামীতে এর প্রসার ঘটবে পুরো দেশজুড়ে। আগামী রমজানে আমরা এইধারা অব্যাহত রাখতে চাই। আমি সব সময়দেশের কঠিন সময়ে অসহায়, দরিদ্র মানুষের পাশে ছিলাম এবং আগামীতেও থাকব।”

উদ্বোধনী অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন ভয়েস এশিয়ানের এডিটর অ্যান্ড সিইও ও বিটিভির আইসিটি প্রোগ্রাম প্ল্যানার ইঞ্জিনিয়ার মোশাররফ জুয়েল এবং নবাবগঞ্জ থানা পুলিশের উপপরিদর্শক অজিত কুমার রায়।

আরও উপস্থিত ছিলেন জেলা স্বাস্থ্য বিভাগের সাবেক কর্মকর্তা ডা. মোহাম্মদ হোসেন, ব্যাংকার সফিউল ইসলামসহ স্থানীয় ব্যবসায়ী ও ইউপি সদস্য এবং গণ্যমান্য ব্যক্তিরা।

মজিবুর রহমান মিলন, বাংলাদেশ বিজনেস চেম্বার অব সিঙ্গাপুর (বিডিচ্যাম) এর উদ্যোক্তা ও সহ-সভাপতি। এর পাশাপাশি তিনি ওই দেশে বাঙালি কমিউনিটির কাছে একজন সফল বিজনেস লিডার হিসেবেও পরিচিত। দেশের যেকোনো দুর্যোগে তিনি অসহায় মানুষের পাশে তার সেবার হাত বাড়িয়ে দেন।

   

About

Popular Links

x