বাড়তি ওজন ঝরানো, বডিবিল্ডিং কিংবা শরীর ফিট রাখার জন্য জিমে যান অনেকে। তবে ব্যস্ততার কারণে বা সময়ের অভাবে যারা জিমে যেতে পারেন না, তাদের কেউ কেউ বাসায় বিভিন্ন যন্ত্রপাতি দিয়ে জিমের কাজ চালিয়ে নেন। আর জিম করার বিভিন্ন যন্ত্রপাতির মধ্যে প্রথমেই যেটির কথা আসে, সেটি হচ্ছে ডাম্বেল।
ডাম্বেল মূলত হাতের কনুইয়ের ওপরের অংশকে ফুলিয়ে পেশি সুগঠিত করার জন্য ব্যবহার করা হয়। বাজারে ওজন এবং ব্র্যান্ডভেদে নানা ধরনের ডাম্বেল পাওয়া যায়। তবে খরচ বাঁচাতে চাইলে ঘরে থাকা অনেক জিনিস দিয়েই ডাম্বেলের কাজ চালানো সম্ভব। চলুন দেখে নিই যেসব গৃহস্থালি জিনিসকে ডাম্বেল হিসেবে ব্যবহার করতে পারেন-
পানির জার বা বোতল
বাসায় খালি অবস্থায় পড়ে থাকা পানির জার বা বোতলে প্রয়োজনমতো পানি ভরে নিন। এসব পানিপূর্ণ জার বা বোতল সহজেই বহনযোগ্য এবং বিভিন্ন শরীরচর্চায় ব্যবহার করা যায়।
ব্যাগপ্যাক
হাতের কাছে থাকা বড় ব্যাগপ্যাকটিকে মোটা বই ও বিভিন্ন ভারি জিনিস দিয়ে ভর্তি করুন। স্কোয়াটস, লাঞ্জেস, কিংবা পুশআপের মতো শরীরচর্চায় এ ব্যাগপ্যাক ব্যবহার করতে পারেন।
লন্ড্রি ডিটারজেন্ট প্যাক
লন্ড্রি ডিটারজেন্ট প্যাকে আমরা কাপড় ধোয়ার জন্য ওয়াশিং পাউডার রাখি। পানিপূর্ণ করে কিংবা পাউডার দিয়ে ভরে এসব লন্ড্রি ডিটারজেন্ট প্যাক দিয়ে ডাম্বেলের কাজ করা সম্ভব।
বালিভর্তি বালতি
যদি বাসায় কিছু থাকে, তাহলে বাইরে গিয়ে একটি খালি বালতির পুরোটা বালি দিয়ে ভরে বহন করুন। ডাম্বেলের বিকল্প হিসেবে এটি বেশ কার্যকর।
ভারি ক্যান
ক্যানের জিনিসপত্র যেমন সুপ বা শাকসবজিকে ডাম্বেল হিসেবে কাজে লাগানো যায়। সহজে বহনযোগ্য বলে এসব জিনিস দিয়ে শরীরের ওপরের অংশ এবং পেশির ব্যায়াম করা যায়।
বই
আমাদের প্রত্যেকের বাসার পড়ার টেবিলেই মোটা মলাটের ভারি বই থাকে। পড়াশোনার পাশাপাশি সেগুলোকে এবার শরীরচর্চায়ও কাজে লাগান। বইগুলোকে একটার ওপর আরেকট রেখে হাত কিংবা পেশির ব্যায়াম সারতে পারেন।



