Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে তেলাপোকার নাম রাখার সুযোগ

অবশ্যই  ৮ ফেব্রুয়ারির মধ্যে ‘অর্ডার’ দিতে বলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ

আপডেট : ২২ জানুয়ারি ২০২৪, ১০:৫৩ এএম

সম্পর্ক চুকে গেলে চক্ষুশূল হয়ে যান অনেক প্রাক্তন। তাদের ওপর জমে থাকা তীব্র ঘৃণা, ক্ষোভ বা বিরক্তি উপশম করতে মানুষ কত কিছুই না করে। এবার তাদের পাশে দাঁড়িয়েছে যুক্তরাষ্ট্রের একটি চিড়িয়াখানা কর্তৃপক্ষ। ভালোবাসা দিবসে প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখার সুযোগ দিচ্ছে তারা।

এনডিটিভির খবরে বলা হয়, ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। মাত্র ১৫ ডলারের বিনিময়ে যুক্তরাষ্ট্রের ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখার এই সুযোগ দিচ্ছে। শুধু তাই নয়, নামকরণের বিষয়টি সংশ্লিষ্ট প্রাক্তনকে ই-মেইল করে জানিয়েও দেবে তারা।

ওই ই-মেইলে থাকবে একটি প্রশংসাপত্র। সেখানে প্রাক্তনের উদ্দেশ্যে লেখা থাকবে, তার সম্মানে চিড়িয়াখানায় একটি “মাদাগাস্কার হিসিং” তেলাপোকার নামকরণ করা হয়েছে।

প্রাক্তনকে এমন উপহার দেওয়ার জন্য অবশ্যই  ৮ ফেব্রুয়ারির মধ্যে “অর্ডার” দিতে বলেছে চিড়িয়াখানা কর্তৃপক্ষ। এ বিষয়ে তারা তাদের ওয়েবসাইটে একটি টীকা যুক্ত করেছে।

প্রতীকী ছবি/পেক্সেলস

সেখানে লেখা রয়েছে, “মানুষের কাছে সব সময় সঠিক শব্দ থাকে না। তবে আপনি এখনো আপনার প্রাক্তনের গায়ের লোম খাঁড়া হয়ে যাওয়ার অনুভূতি দিতে পারেন। আপনার প্রাক্তনের নামে একটি তেলাপোকার নাম রাখুন। কারণ, তেলাপোকা দীর্ঘদিন বাঁচে।”

মার্কিন সংবাদমাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, “নেম-এ-রোচ” নামের এই প্রচারণা ২০১১ সালে চালু করে ব্রঙ্কস চিড়িয়াখানা কর্তৃপক্ষ। গত বছর ভালোবাসা দিবসে প্রায় ৩,২৪৬টি তেলাপোকার নামকরণ করা হয়।

   

About

Popular Links

x