৬০ বছর বয়সে মিস ইউনিভার্স খেতাব জিতে তাক লাগিয়ে দিয়েছেন আর্জেন্টিনার এক নারী। ওই নারীর নাম আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজ।
পেশায় আইনজীবী ও সাংবাদিক আলেজান্দ্রা মারিসা রদ্রিগেজের স্বপ্ন ছিল বিশ্ব সুন্দরী প্রতিযোগিতায় অংশ নেওয়া। তবে সেটি আপাতত হচ্ছে না।
গত মাসে বুয়েন্স আয়ার্সে প্রাদেশিক মিস ইউনিভার্স জয় করেন আলেজান্দ্রা মারিসা। এর পরবর্তী ধাপ ছিল মিস আর্জেন্টিনা হওয়া। এই ধাপে সফল হলেই সরাসরি অংশ নেওয়া যায় মিস ইউনিভার্স ওয়ার্ল্ডের মঞ্চে।
তবে মিস আর্জেন্টিনা থেকে ছিটকে গেছেন আলেজান্দ্রা। আঞ্চলিক পর্যায়ের সুন্দরী প্রতিযোগিতায় জেতার পর জাতীয় পর্যায়ে হেরে গেছেন তিনি। এতে অবশ্য হতাশ নন তিনি। সুন্দরী প্রতিযোগিতায় তার এ অসাধারণ যাত্রা বয়স্ক নারীদের নিয়ে সমাজের মনোভাব বদলে ফেলার প্রথম পদক্ষেপ বলে মনে করেন আলেজান্দ্রা।
১৮ থেকে ৭৩ বছর বয়সী ৩৪ প্রতিযোগীকে পেছনে ফেলে মিস ইউনিভার্স বুয়েনস আয়ার্সের খেতাব জিতেছিলেন আলেজান্দ্রা। আগামী সেপ্টেম্বরে মেক্সিকোতে মিস ইউনিভার্স প্রতিযোগিতার মূল আসরে আর্জেন্টিনার প্রতিনিধিত্ব করার স্বপ্ন ছিল তার।
গত এপ্রিলে মুকুট জয়ের পর মারিসা বলেছিলেন, “সৌন্দর্য প্রতিযোগিতায় নতুন এই দৃষ্টান্ত স্থাপন করতে পেরে আমি রোমাঞ্চিত। আমরা একটি নতুন অধ্যায় উন্মোচন করেছি, যেখানে নারীদের শারীরিক সৌন্দর্য নয়, মূল্যবোধ দিয়ে বিচার করা হয়।”



