প্রেমিকাকে বিমানবন্দর পর্যন্ত এগিয়ে দেওয়ার কথা ছিল প্রেমিকের। কিন্তু প্রেমিক কথা দিয়ে তা রাখেননি; সময় মতো বিমানবন্দরে যেতে পারেননি প্রেমিকা। ফ্লাইটও ধরতে পারেননি। এ ঘটনার পর ক্ষুব্ধ প্রেমিকা তার প্রেমিকের নামে মামলা করেছেন। ওশেনিয়া মহাদেশের নিউজিল্যান্ডের ঘটনা এটি।
ওই তরুণীর অভিযোগ, প্রেমিক সেই মৌখিক প্রতিশ্রতি ভঙ্গ করেছেন। এ কারণে তিনি প্রেমিকের নামে মামলা করেছেন।
ওই প্রেমিকা অভিযোগটি করেছেন নিউজিল্যান্ডের ডিসপিউট ট্রাইব্যুনালে। এই ট্রাইব্যুনালে সর্বোচ্চ ৩০,০০০ ডলারের মামলা পরিচালনার এখতিয়ার রয়েছে।
প্রেমিকার অভিযোগ, ফ্লাইট ধরতে না পারায় তাকে বাড়তি অর্থ গুণতে হয়েছে। সেদিন আর তিনি যেতে পারেননি। ধরতে হয়েছে পরদিনের ফ্লাইট। এ জন্য তার আরও বেশ কিছু অর্থ গচ্চা গেছে।
অভিযোগপত্রে নিজের বা প্রেমিকের নাম-পরিচয় দেননি ওই নারী। তিনি অভিযোগ করেছেন, ঘটনার দিন সকাল ১০টা থেকে সোয়া ১০টার মধ্যে তাকে বিমানবন্দরে পৌঁছে দেওয়ার কথা ছিল তার প্রেমিকের। এ জন্য তিনি বাসায় অপেক্ষা করছিলেন। কিন্ত শেষ পর্যন্ত প্রেমিককে না পেয়ে একা বিমাবন্দরের উদ্দেশে রওনা দেন। কিন্ত গিয়ে দেখেন, তার ফ্লাইট ছেড়ে গেছে।
অভিযোগ পাওয়ার পর আদালত ওই তরুণী যে অভিযোগ করেছেন, তার কোনো ভিত্তি আছে আছে কি-না তা যাচাই করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে নির্দেশ দিয়েছেন।
কিন্ত শেষ পর্যন্ত প্রেমিকের প্রতিশ্রুতির কোনো লিখিত নথি বা প্রতিশ্রুতি ভঙ্গের প্রমাণ না পাওয়ায় আদালত মামলাটি খারিজ করে দেন।



