ফ্রেব্রুয়ারি মাস এলেই যেন বাড়তি হাওয়া লাগে প্রেমের পালে। ভালোবাসা দিবস ছাড়াও এই মাসে যুগলদের জন্য রয়েছে আরও কিছু দিবস। তারই ধারবাহিকতায় ১৪ ফেব্রুয়ারি বিশ্বজুড়ে পালিত হলো ভালোবাসা দিবস।
ভালোবাসা দিবস পেরোতেই অনেক হয়তো সম্পর্ক নিয়ে হিসাব কষতে বসেছেন। সামনে ভেসে আসছে পুরোনো দিনের ভুল-ভ্রান্ত-অনুযোগ। কিন্তু সম্পর্ক এগিয়ে নিতে গেলে তো সেসবকে পেছনে রাখতেই হবে। সেক্ষেত্রে আজকের দিনটি হতে পারে সবচেয়ে মোক্ষম। কারণ, আজ ভালোবাসায় রিসেট বাটন চাপার দিন। আজ ১৫ ফেব্রুয়ারি, লাভ রিসেট ডে।
“পৃথিবীর পুরনো পথের রেখা হয়ে যায় ক্ষয়, প্রেম ধীরে মুছে যায়. . . . ” অনেকের মতে, নানা ঘাত-প্রতিঘাতে সত্যিই প্রেম ধীরে ধীরে মুছে যায়! কিংবা ফিকে হয়ে যায় প্রেমের রং! একসময় যাকে পাওয়ার দুর্ণিবার আকাঙ্ক্ষা কাজ করতো, পেয়ে যাওয়ার অনেকদিন পর কমে যায় তার প্রতি টান!
কারণ, পৃথিবীতে সবচেয়ে বিচিত্র বোধহয় মানুষের মন। এই মনে থাকে অসংখ্য গলি, যার থৈ মানুষ নিজেই হয়তো খুঁজে পায় না। আর ভালোবাসা তো সংজ্ঞাহীন এক অনন্য অনুভূতি।
তবে, এ কথাও সত্যি যে একটা সম্পর্ক দীর্ঘদিন ধরে বহন করা সহজ কথা নয়।
সেক্ষেত্রে ক্ষয়ে যাওয়া প্রেম কিংবা যেকোনো সম্পর্ক পুনরুজ্জীবিত করতে আজকের দিনটি কাজে লাগান।
গতকালই তো ভালোবাসার মানুষটিকে দিয়েছেন নানা প্রতিশ্রুতি। আজ সেগুলো আরেকবার ঝালিয়ে নিন। যা কিছু ভুল, যত অভিযোগ রয়েছে; সেগুলো আর বাড়তে না দিয়ে আজই ইতি টেনে দিন অর্থাৎ রিসেট বাটন চেপে দিন।
তবে শুধু যুগল প্রেম নয়, পরিবার-পরিজন, বন্ধু-স্বজন, যার সঙ্গেই সম্পর্কের টানাপোড়েন তৈরি হয়েছে, কিংবা নড়ে গেছে সম্পর্কের শক্ত ভিত, আজ সবক্ষেত্রেই সম্পর্কে রিসেট বাটন চাপুন। সব অভিমান ভুলে বন্ধু-স্বজনের সঙ্গে গড়ে তুলেন নতুন যোগাযোগ, নতুন সম্পর্ক।
উল্লেখ্য, ২০১৮ সালের ১৫ ফেব্রুয়ারি সম্পর্ক-বিষয়ক পরামর্শক ও ব্লগার কার্লা লিন হলের উদ্যোগে “লাভ রিসেট ডে”। দিবস উদ্যাপন শুরু হয়। ভালোবাসায় নতুন প্রাণ প্রতিষ্ঠার ভাবনা থেকেই এমন দিবসের প্রচলন করেন তিনি।



সঙ্গীর প্রতি ভালো লাগা কমছে? তাহলে যা করতে পারেন