Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

পিআর পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা জামায়াতের

‘৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনও নিশ্চিত করা যায়নি’

আপডেট : ১০ আগস্ট ২০২৫, ০৭:৩৩ পিএম

জাতীয় সংসদের উচ্চকক্ষ ও নিম্নকক্ষে পিআর (আনুপাতিক সংসদীয় আসনব্যবস্থা) পদ্ধতিতে ভোটের দাবিতে আন্দোলনে নামার ঘোষণা দিয়েছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।

রবিবার (১০ আগস্ট) বিকেলে প্রধান নির্বাচন কমিশনার এ এম এম নাসির উদ্দিনের সঙ্গে বৈঠক শেষে সাংবাদিকদের এই কথা জানান দলটির নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের।

তিনি বলেন, “সংসদে উচ্চকক্ষে পিআর পদ্ধতিতে ভোটের ব্যাপারে আমরা একমত হয়েছি। কিন্তু আমাদের দাবি হচ্ছে পিআর হতে হবে উচ্চকক্ষ ও নিম্নকক্ষে। সেই ইস্যুতে আমরা আন্দোলন করবো। এটার কারণ হচ্ছে ৫৪ বছরের নির্বাচনের পদ্ধতিতে আমরা দেখেছি এখানে ফেয়ার ইলেকশন কখনও নিশ্চিত করা যায়নি।”

আগামী ফেব্রুয়ারিতে জাতীয় সংসদ নির্বাচন হবে আশা প্রকাশ করে তিনি বলেন, “জামায়াত ইসলামী সব সময় নির্বাচনের পক্ষে। ফেব্রুয়ারি মাসে যে নির্বাচনের তারিখ ঘোষণা করা হয়েছে, সেই তারিখের ব্যাপারে জামায়াতে মৌলিক কোনো আপত্তি নেই। কারণ আমরা আগে থেকেই বলেছি নির্বাচন ফেব্রুয়ারি বা এপ্রিলে হতে পারে।”

বিগত তিনটা নির্বাচনের উদাহরণ টেনে জামায়াতের এই নেতা বলেন, “অতীতে তিনটি নির্বাচন যেভাবে হয়েছে তাতে নির্বাচন নিয়ে মানুষের শঙ্কাটা কাটেনি। সে জন্য সরকারকে অনেকগুলো উদ্যোগ নেওয়ার দাবি জানিয়েছি আমরা।”

এই নির্বাচনের আগে সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী সংস্কার ও আওয়ামী লীগের বিচারের দাবিও জানান সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের। তিনি বলেন, “আমরা সিইসিকে বলেছি নির্বাচনের পূর্বশর্ত হচ্ছে লেভেল প্লেয়িং ফিল্ড। উনি আমাদের নিশ্চয়তা দিয়েছেন আমার দিক থেকে সাধ্যমত সিরিয়াস থাকবো। আমরা প্রধান নির্বাচন কমিশনারের ওপর আস্থা রাখতে চাই।”

তিনি বলেন, “বাংলাদেশের মানুষ আর কোনো আন-ফেয়ার ইলেকশন দেখতে চায় না। এরকম কোনো কিছু হলে এই দেশের মানুষ আবারও রাস্তায় নামবে। কোনো দখলীয় নির্বাচন এই দেশের মানুষ আর গ্রহণ করবে না।”

   

About

Popular Links

x