Thursday, June 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

মুক্তিযোদ্ধা দলের সভাপতি: দেশের মূল শত্রু ভারত-আওয়ামী লীগ-জামায়াত

‘টাকার বিনিময়ে দেশের প্রায় অর্ধশত জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কমিটি দেওয়া হয়েছে’

আপডেট : ১৪ আগস্ট ২০২৫, ০৩:২২ পিএম

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের সভাপতি ইশতিয়াক আজিজ উলফাত বলেছেন, “এই দেশের মূল শত্রু তিনটি পক্ষ। প্রথমটি ভারত, তারপর আওয়ামী লীগ এবং জামায়াতে ইসলামী। তারা সুযোগ পেলে যেকারও কাঁধে ভর করে। তাদের থেকে আমাদের সবাইকে সতর্ক থাকতে হবে।”

বৃহস্পতিবার (১৪ আগস্ট) জাতীয় প্রেসক্লাবের আবদুস সালাম মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনের তিনি এই কথা বলেন। এই সংবাদ সম্মেলনের আয়োজন করে জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দল।

ইশতিয়াক আজিজ উলফাত বলেন, “যে জামায়াত স্বাধীন দেশ চায়নি, দেশের বিরুদ্ধে যুদ্ধ করেছে। মা–বোনদের পাকিস্তানি বাহিনীর হাতে তুলে দিয়েছে, তাদের এখন কত বড় গলা। তাদের কথা আপনারা ভুলবেন না।”

জাতীয়তাবাদী মুক্তিযোদ্ধা দলের এই নেতা বলেন, “টাকার বিনিময়ে দেশের প্রায় অর্ধশত জেলায় মুক্তিযোদ্ধা সংসদের কমিটি দেওয়া হয়েছে। এসব কমিটিতে স্থান পেয়েছে আওয়ামী ফ্যাসিস্ট সদস্য ও ভুয়া মুক্তিযোদ্ধারা।”

তিনি উদাহরণস্বরূপ লালমনিরহাট, ঝিনাইদহ ও খুলনা জেলার কমিটির কথা উল্লেখ করেন।

বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদের অ্যাডহক কমিটি গঠনেও অনিয়মের অভিযোগ তোলেন ইশতিয়াক উলফাত। তিনি বলেন, “এই কমিটি গঠনের সময় মুক্তিযোদ্ধাদের কোনো মতামত নেওয়া হয়নি। এই কমিটিই দেশজুড়ে অর্থের বিনিময়ে মুক্তিযোদ্ধা কমিটি দিচ্ছে।”

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা দলের সহসভাপতি এম এ শহীদ, শাহাবুদ্দিন রেজা, মোবারক হোসেন, এম এ হালিম, তরঙ্গ আনোয়ার, সাংগঠনিক সম্পাদক মিয়া মোহাম্মদ আনোয়ার, শরীফ হোসেন প্রমুখ।

   

About

Popular Links

x