Wednesday, June 24, 2026

সেকশন

English
Dhaka Tribune

‘আওয়ামী লীগের দোসর’ বলে সাংবাদিককে পেটালো জামায়াত কর্মীরা

‘বহিরাগত কেউ ঢুকে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে,’ বলে দাবি জামায়াতের এক নেতার

আপডেট : ২৩ জুন ২০২৬, ১২:৩৬ পিএম

রাজধানীর ধানমন্ডি ৩২ নম্বরে সাংবাদিকদের “আওয়ামী লীগের দোসর” আখ্যা দিয়ে হামলার অভিযোগ উঠেছে জামায়াত নেতাকর্মীদের বিরুদ্ধে।

মঙ্গলবার (২৩ জুন) সকাল সাড়ে ৮টার দিকে ধানমন্ডি ৩২ নম্বর এলাকায় একটি বিক্ষোভ মিছিল শেষে এ ঘটনা ঘটে বলে জানা গেছে। এ ঘটনায় গুরুতর আহত হন দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির। পরে তাকে উদ্ধার করে চিকিৎসার জন্য বাংলাদেশ মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান উপস্থিত সংবাদকর্মীরা।

এদিকে, পুরো ঘটনাটিকে “অনাকাঙ্ক্ষিত” বলে দাবি করেছেন ধানমন্ডি থানা জামায়াতের কর্মপরিষদ সদস্য মুজিবুর রহমান খান। 

সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি বলেন, “আমাদের এই রাজনৈতিক কর্মসূচিতে বহিরাগত কেউ ঢুকে পড়ে এমন অনভিপ্রেত ঘটনা ঘটিয়ে থাকতে পারে।”  

জানা গেছে, আওয়ামী লীগের ৭৭তম প্রতিষ্ঠাবার্ষিকী ঘিরে একটি বিক্ষোভ মিছিল বের করে বাংলাদেশ জামায়াতে ইসলামী ঢাকা মহানগর দক্ষিণ। মিছিল শেষে ব্রিফিংয়ের সময় সিনিয়র একজন সাংবাদিককে কথা বলার অনুরোধ করা হলে সাংবাদিকদের বাকবিতণ্ডায় জড়িয়ে পড়ে উপস্থিত জামায়াত নেতাকর্মীরা।

একপর্যায়ে সংবাদকর্মীদের “আওয়ামী লীগের দোসর” বলায় এর প্রতিবাদ জানানোয় উত্তেজিত হয়ে সাংবাদিকদের ওপর হামলা করে জামায়াত নেতাকর্মীরা। এসময় দৈনিক সকালের রিপোর্টার মাহফুজুর রহমান শিশির গুরুতর আঘাত পান। 

এই কর্মসূচিতে জামায়াত নেতা মুস্তাফিজুর রহমান, মুজাহিদুল ইসলাম শাহিন, আনিসুজ্জামান, জাহিনুর রহমানসহ স্থানীয় অন্যান্য নেতাকর্মীরা অংশ নেন। 

 

   

About

Popular Links

x