Tuesday, August 04, 2026

সেকশন

English
Dhaka Tribune

জবিতে ছাত্রদল ও ছাত্রশিবিরের সংঘর্ষ, আহত একাধিক

ছাত্রদলের নেতাকর্মীরা শিবির সদস্যদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন

আপডেট : ০৪ আগস্ট ২০২৬, ০৩:১০ পিএম

জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে (জবি) জাতীয়তাবাদী ছাত্রদল ও বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের নেতাকর্মীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। 

মঙ্গলবার (৪ আগস্ট) বেলা পৌনে ১২টার দিকে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনের সামনে এই ধাওয়া-পাল্টাধাওয়া ও সংঘর্ষের ঘটনা ঘটে।

এতে জবি ছাত্রশিবিরের সভাপতি মো. আব্দুল আলিম আরিফ এবং জবি ছাত্রদলের আহ্বায়ক কমিটির সদস্য ইয়াসিন সাইফসহ উভয় পক্ষের বেশ কয়েকজন নেতাকর্মী আহত হয়েছেন।

প্রত্যক্ষদর্শী ও বিশ্ববিদ্যালয় সূত্রে জানা গেছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান জবির একটি অনুষ্ঠানে যোগ দিতে কেন্দ্রীয় মিলনায়তনে পৌঁছালে শিবিরের একদল নেতাকর্মী ক্যাম্পাসের বিভিন্ন সমস্যা সংবলিত প্ল্যাকার্ড নিয়ে অনুষ্ঠানস্থলে প্রবেশের চেষ্টা করেন। এ সময় সেখানে উপস্থিত ছাত্রদলের নেতাকর্মীরা বাধা দিলে উভয় পক্ষের মধ্যে প্রথমে বাকবিতণ্ডা এবং পরবর্তীতে তা সশরীরে সংঘর্ষে রূপ নেয়।

সংঘর্ষের একপর্যায়ে ছাত্রদলের নেতাকর্মীরা শিবির সদস্যদের ধাওয়া দিয়ে ক্যাম্পাস থেকে বের করে দেন এবং পরবর্তীতে মিলনায়তনের সামনে নিজেদের অবস্থান কর্মসূচি পালন করেন।

বিষয়টি নিশ্চিত করে সূত্রাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান দুপুর দেড়টার দিকে জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে যায়। সংঘর্ষের পর বর্তমানে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাস ও এর আশপাশের পরিস্থিতি শান্ত ও নিয়ন্ত্রণে রয়েছে।

উল্লেখ্য, এর আগের দিন (সোমবার) রংপুরের বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ে 'জুলাই গণঅভ্যুত্থান দিবস' প্রদর্শনীতে একটি ব্যানার টানানোকে কেন্দ্র করে ছাত্রদল ও ছাত্রশিবিরের মধ্যে সংঘর্ষে অন্তত সাতজন আহত হয়েছিলেন।

   

About

Popular Links

x