Sunday, July 26, 2026

সেকশন

English
Dhaka Tribune

তথ্যমন্ত্রী: খালেদা জিয়া রাজি থাকলে তাকে নিয়ে জাফরুল্লাহ পূর্ণিমার রাতে পদ্মায় যেতে পারেন

বছরের অন্য সময় বাদ দিয়ে হঠাৎ পূর্ণিমার রাতেই খালেদা জিয়াকে নিয়ে জাফরুল্লাহর পদ্মা সেতুতে যাওয়ার ইচ্ছে নিয়েও প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী

আপডেট : ০৪ জুলাই ২০২২, ০৫:১৮ পিএম

তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ বলেছেন, পূর্ণিমা রাতে প্রধানমন্ত্র শেখ হাসিনার পদ্মায় যাওয়ার কোনো দরকার নেই। তবে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার সম্মতি থাকলে গণস্বাস্থ্য কেন্দ্রের প্রতিষ্ঠাতা জাফরুল্লাহ চৌধুরী তাকে নিয়ে পূর্ণিমার রাতে পদ্মা সেতু দেখতে যেতে পারেন।

সোমবার (৪ জুলাই) সচিবালয়ে  “মুজিববর্ষে বঙ্গবন্ধু” বইয়ের মোড়ক উন্মোচন অনুষ্ঠান শেষে তথ্যমন্ত্রী এ মন্তব্য করেন।

ড. হাছান মাহমুদ বলেন, “জননেত্রী শেখ হাসিনা পদ্মা সেতু উদ্বোধন করেছেন। তিনি পদ্মা সেতুর ওপর দিয়ে টুঙ্গিপাড়ায় জাতির জনকের সমাধিতে শ্রদ্ধা নিবেদন করতে গিয়েছেন। তার পূর্ণিমার রাতে যাওয়ার দরকার নেই। যদি খালেদা জিয়া রাজি হন, তাহলে জাফরুল্লাহ সাহেব পূর্ণিমা রাতে পদ্মায় যেতে পারেন।”

তাছাড়া, বছরের অন্য সময় বাদ দিয়ে হঠাৎ পূর্ণিমার রাতেই খালেদা জিয়াকে নিয়ে পদ্মা সেতুতে যাওয়ার ইচ্ছে নিয়েও প্রশ্ন তুলেছেন তথ্যমন্ত্রী।

প্রসঙ্গত, শেখ হাসিনা ও  বেগম খালেদা জিয়াকে নিয়ে পূর্ণিমার রাতে পদ্মা সেতুতে ঘুরতে যাওয়ার ইচ্ছে প্রকাশ করে রবিবার জাফরুল্লাহ চৌধুরী বলেন, “চিন্তা করেন, আপনার (প্রধানমন্ত্রী) গাড়ি সামনে, পরে খালেদা জিয়ার গাড়ি, আর তার পেছনে তিনজন মুক্তিযোদ্ধা দাঁড়িয়ে থাকবে। আস্তে আস্তে যাব। এখনও সময় আছে, অন্যদিকে পয়সা খরচ না করে এক পূর্ণিমার রাতে চলেন না যাই! এইটাই হবে বাংলাদেশ। তার আগে মুক্তি দিতে হবে... এনাদেরও (আলেম) নিয়ে যাই।”


আরও পড়ুন-  পূর্ণিমা রাতে খালেদা জিয়াকে পদ্মা সেতু দেখাতে প্রধানমন্ত্রীর প্রতি জাফরুল্লাহর আহ্বান


মূলত জাফরুল্লাহ চৌধুরীর এমন কথার পরিপ্রেক্ষিতেই ড. হাছান মাহমুদ এ মন্তব্য করেন।

খালেদা জিয়া ও হেফাজতের সহিংসতার মামলায় সংগঠনের নেতাদেরকে মুক্ত করার দাবিতে ১০ হাজার মানুষকে নিয়ে হাইকোর্ট ঘেরাও করার ঘোষণা দিয়েছেন জাফরুল্লাহ চৌধুরী। তার এ ঘোষণাকে আদালতের প্রতি হুমকি হিসেবে দাবি করে তথ্যমন্ত্রী বলেন, “আমি জানি না, আদালত সেটিকে কীভাবে বিবেচনা করবেন। এটি আদালতকে হুমকি দেওয়ার শামিল।”

জনগণ পদ্মা সেতুর উদ্বোধনী অনুষ্ঠান বর্জন করেছে বলে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীর বক্তব্যের প্রসঙ্গে ড. হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতাদের বক্তব্যে মনে হচ্ছে, পদ্মা সেতু তাদের গলার কাঁটা হয়ে গেছে। সারা দেশের মানুষ উচ্ছ্বসিত। মানুষ যেভাবে পুলকিত, উল্লসিত এবং গর্বিত। কিন্তু বিএনপি ঠিক সমপরিমাণ লজ্জিত এবং সমপরিমাণ গলার কাঁটা হয়ে গেছে বলে তাদের বক্তব্যে মনে হচ্ছে।”

তিনি আরও বলেন, “মূল অনুষ্ঠানে শুধু তিন হাজার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছিল। সেখানে আর কারও যাওয়ার সুযোগ ছিল না। তিন হাজার মানুষের সবাইকে কোভিড নমুনা পরীক্ষা করে সেখানে যেতে হয়েছে। আর যে জনসভা হয়েছে সেখানে, লক্ষ লক্ষ মানুষের সমাবেশ হয়েছে।”

তথ্যমন্ত্রী বলেন, “আর সেদিন যদি পদ্মা সেতু দেখার সুযোগ দেওয়া হতো, কত মানুষ হতো, সেটা আমি জানি না। পদ্মা সেতু যদি দেখার সুযোগ করে দেয়া হতো, আমার মনে হয় যদি সুযোগ থাকত, দেশের সব মানুষ সেখানে চলে যেত। শুধু বিএনপির উদ্ভ্রান্ত বক্তব্য রাখা কয়েকজন নেতা ছাড়া।”

ড. হাছান মাহমুদ বলেন, “বিএনপি নেতারা যেভাবে উদ্ভ্রান্তের মতো কথা বলছেন, তাতে মনে হচ্ছে তাদের একটু মানসিক চিকিৎসার এখন সত্যিই প্রয়োজন হয়ে দাঁড়িয়েছে। বিশেষ করে রিজভী আহমেদের আরও একটু চিকিৎসা দরকার আছে বলে আমার মনে হচ্ছে। তিনি অসুস্থ ছিলেন। আমার মনে হয় পুরোপুরি সুস্থ হননি। সেজন্য অসুস্থ মানুষের মতোই কথা বলেন।”

   

About

Popular Links

x