রাজনীতিতে ফিরে আসার গুঞ্জনের মধ্যেই সাবেক প্রতিমন্ত্রী তানজিম আহমেদ সোহেল তাজ শতাধিক সমর্থক নিয়ে আওয়ামী লীগ সভানেত্রীর রাজনৈতিক কার্যালয়ে হাজির হয়েছিলেন।
বৃহস্পতিবার (২৫ আগস্ট) রাতে ঢাকার ধানমন্ডির ওই কার্যালয়ে গিয়ে সভাপতিমণ্ডলীর কক্ষে কেন্দ্রীয় আওয়ামী লীগ নেতাদের সঙ্গে আলাপও করেন তিনি।
দীর্ঘদিন ধরে রাজনীতিতে নিষ্ক্রিয় থাকলেও আগামী ডিসেম্বরে ক্ষমতাসীন দলের কেন্দ্রীয় কাউন্সিলকে সামনে রেখে সম্প্রতি আওয়ামী লীগে যোগদানের আগ্রহ প্রকাশ করেছেন তিনি।
সোহেল তাজ দলীয় কার্যালয়ে প্রবেশ করলে সাধারণ সমর্থকরা তাকে উচ্ছ্বসিত স্বাগত জানান। আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাসিমও সোহেল তাজকে সাদরে বরণ করেন।
তিনি বলেন, ‘‘সাধারণত আওয়ামী লীগের কার্যালয় সব দলের কর্মী-সমর্থকদের জন্য খোলা থাকে, বিএনপি-জামায়াত ছাড়া যে কেউ এখানে যেকোনো সময় আসতে পারে।”
যোগাযোগ করা হলে সোহেল তাজ ঢাকা ট্রিবিউনকে বলেন, “দীর্ঘদিন পর আজ (বৃহস্পতিবার) পার্টি অফিসে গিয়েছি আমার সাবেক সহকর্মী ও অফিসের কর্মীদের সঙ্গে দেখা করতে। এটি একটি মনোরম সন্ধ্যা ছিল। আওয়ামী লীগের যুব নেতাকর্মী ও কেন্দ্রীয় নেতারাও আমাকে স্বাগত জানিয়েছেন।”
তিনি আরও বলেন, “এখন থেকে আমি প্রায়ই পার্টি অফিসে যাবো, সর্বোপরি এটা আওয়ামী লীগের দলীয় কার্যালয়, আমাদের অফিস”।
সম্প্রতি ঢাকা ট্রিবিউনকে দেওয়া এক সাক্ষাৎকারে সোহেল তাজ বলেছেন, আওয়ামী লীগ চাইলে দলের যে কোনো পদ নিতে প্রস্তুত।
আওয়ামী লীগের অভ্যন্তরীণ সূত্র জানায়, সোহেল তাজ আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটিতে যোগ দিতে ইচ্ছুক এমন বার্তা দিতে দলীয় কার্যালয় পরিদর্শন করেন।
সোহেল তাজ বাংলাদেশের প্রথম প্রধানমন্ত্রী তাজউদ্দীন আহমদের ছেলে।



