Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

শিক্ষামন্ত্রী: নৌকাতে ভোট দেওয়া দেশপ্রেমের অংশ

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কঠিন হোক আর সহজ হোক, মুক্তিযুদ্ধের পক্ষকেই জিততে হবে। কারণ, মুক্তিযুদ্ধের মার্কা হচ্ছে নৌকা

আপডেট : ১৮ জানুয়ারি ২০২৩, ০৪:১৪ পিএম

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ডা. দীপু মনি বলেছেন, “প্রধামন্ত্রী শেখ হাসিনা আমাদের প্রতিটি ক্ষেত্রে এগিয়ে নিয়েছেন। আরও উন্নত ও সমৃদ্ধ পথ দেখাচ্ছেন। তাহলে নৌকার বিকল্প কোথায়। দেশকে ও মানুষকে ভালোবাসা যদি আমার দেশপ্রেম হয়, দেশকে এগিয়ে নেওয়ার চেষ্টা যদি দেশপ্রেম হয়, দেশের মানুষের সুখ, শান্তি, উন্নতি চাওয়া যদি দেশপ্রেম হয়, তাহলে আমি বলতে বাধ্য শেখ হাসিনাকে অর্থাৎ নৌকাতে ভোট দেওয়াটাও দেশপ্রেমেরই অংশ।”

মঙ্গলবার (১৭ জানুয়ারি) রাতে চাঁদপুর প্রেস ক্লাবের এক অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

শিক্ষামন্ত্রী বলেন, “তারা (বিএনপি) সব সময় ইসলামের অপব্যবহার করে রাজনৈতিক ফায়দা তোলার চেষ্টা করে। আমি বলবো, আমরা যেন ধর্মের প্রতি শ্রদ্ধাশীল হই এবং কেউ যেন ধর্মকে অপব্যবহার না করে সেদিকে সজাগ দৃষ্টি রাখবো। যারা সামাজিক যোগাযোগমাধ্যম ব্যবহার করে অপকর্ম করবে তাদের বিরুদ্ধে রুখে দাঁড়াবো।”

পাঠ্যসূচিতে পরিবর্তন আনার প্রসঙ্গে তিনি বলেন, “আমরা শুধু প্রাথমিক নয়, মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক, কারিগরি, মাদ্রাসা ও উচ্চশিক্ষায় ব্যাপক পরিবর্তন নিয়ে আসছি।”

অনুষ্ঠানে জাতীয় প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক শ্যামল দত্ত বলেন, “সামনে জাতীয় সংসদ নির্বাচন। এই নির্বাচন কঠিন হোক আর সহজ হোক, মুক্তিযুদ্ধের পক্ষকেই জিততে হবে। কারণ, মুক্তিযুদ্ধের মার্কা হচ্ছে নৌকা। এদেশের মাটিতে মুক্তিযোদ্ধাদের রক্ত মিশে আছে। আমরা নৌকার বিকল্প কিছু দেখছি না। আওয়ামী লীগ ভালো কাজ করলে প্রশংসা করবো, আর জনগণের পক্ষে নয়, এমন কাজের সমালোচনা করবো। কারণ বঙ্গবন্ধুই বলেছিলেন, নীতিহীন সাংবাদিকতায় দেশের কল্যাণ হতে পারে না।”

চাঁদপুর প্রেস ক্লাবের সভাপতি এএইচএম আহসান উল্লাহর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আল-ইমরান শোভনের সঞ্চালনায় অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন জাতীয় প্রেস ক্লাব সভাপতি ফরিদা ইয়াসমিন, সাধারণ সম্পাদক শ্যামল দত্ত, সিআইপি জয়নাল আবেদিন মজুমদার, চাঁদপুরের জেলা প্রশাসক (ডিসি) কামরুল হাসান, পুলিশ সুপার (এসপি) মিলন মাহমুদ, চাঁদপুর জেলা পরিষদ চেয়ারম্যান ওসমান গনি পাটওয়ারী, চাঁদপুর পৌরসভার মেয়র জিল্লুর রহমান, সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল ইসলাম নাজিম দেওয়ান প্রমুখ।

   

About

Popular Links

x