Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

জিএম কাদেরকে হারানোর চ্যালেঞ্জ জানিয়ে সরে দাঁড়ালেন নৌকার প্রার্থী

শনিবার ওই আসনে জিএম কাদেরকে ৫০ হাজার ভোটের ব্যবধানে হারানোর ঘোষণা দিয়েছিলেন তুষার কান্তি

আপডেট : ১৭ ডিসেম্বর ২০২৩, ০৯:৩৫ পিএম

জাতীয় পার্টির প্রার্থী ও দলের চেয়ারম্যান জিএম কাদেরকে ৫০ হাজার ভোটের ব্যবধানে হারানোর ঘোষণা দেওয়ার এক দিন পরই মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন রংপুর-৩ আসনে আওয়ামী লীগের প্রার্থী তুষার কান্তি মণ্ডল।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরে জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয়ে উপস্থিত হয়ে মনোনয়নপত্র প্রত্যাহারের আবেদন করেন তিনি। শনিবার ওই আসনে জিএম কাদেরকে ৫০ হাজার ভোটের ব্যবধানে হারানোর ঘোষণা দেন তুষার কান্তি।

ওই সময় তিনি বলেন, “দীর্ঘ ৪৩ বছর ধরে আওয়ামী লীগের হারানো এই আসনটি পুনরুদ্ধার করে ইতিহাস সৃষ্টি করতে চাই। জিএম কাদেরকে পরাজিত করার ওপেন চ্যালেঞ্জ দিলাম। জনগণ আমাকে বিপুল ভোটে জয়ী করবে।”

রবিবার নির্বাচন থেকে সরে দাঁড়ানোর বিষয়ে জানতে একাধিকবার মোবাইল ফোনে কল করলেও সাড়া দেননি তিনি।

এদিন রংপুরের ছয়টি আসনে আওয়ামী লীগসহ বিভিন্ন দলের ১০ প্রার্থী মনোনয়নপত্র প্রত্যাহার করেন। তারা হলেন- রংপুর-১ আসনে আওয়ামী লীগের প্রার্থী অ্যাডভোকেট রেজাউল করিম রাজু, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তি জোটের সবুজ মিয়া, স্বতন্ত্র প্রার্থী লন্ডন প্রবাসী আওয়ামী লীগ নেতা মঞ্জুম আলি; রংপুর-২ আসনে স্বতন্ত্র প্রার্থী ছাত্রলীগের কেন্দ্রীয় কমিটির সাবেক সহ-সভাপতি সুমনা আক্তার লিলি, জাকের পার্টির আশরাফুজ্জামান; রংপুর-৩ আসনে আওয়ামী লীগ প্রার্থী তুষার কান্তি মণ্ডল, জাকের পার্টির লায়লা আনজুমান আরা বেগম;  রংপুর-৪ আসনে স্বতন্ত্র প্রার্থী হাকিবুর রহমান মাস্টার; রংপুর-৫ আসনে জাকের পার্টির শামীম মিয়া এবং ৬ আসনে জাকের পার্টির বেদারুল ইসলাম।

জেলা প্রশাসক ও রিটার্নিং কর্মকর্তা মোবাশ্বের হাসান জানান, রংপুরের ছয়টি আসনে মোট বৈধ প্রার্থী ছিলেন ৪৬ জন। তাদের মধ্যে ১০ জন মনোনয়নপত্র প্রত্যাহার করেছেন।

   

About

Popular Links

x