আগামী ২৩ জুন ক্ষমতাসীন আওয়ামী লীগের হীরকজয়ন্তী। ওই অনুষ্ঠানে নিবন্ধিত সব রাজনৈতিক দলকে দাওয়াত দেওয়া হবে বলে জানিয়েছেন দলটির সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। তিনি বলেছে, “এ ক্ষেত্রে কে প্রতিপক্ষ সেটা বিবেচ্য বিষয় নয়।”
সোমবার (১০ জুন) ঢাকা মহানগর উত্তর-দক্ষিণ ও ঢাকা জেলা আওয়ামী লীগ এবং ঢাকা উত্তর-দক্ষিণ সিটির মেয়রের সঙ্গে মতবিনিময় সভা শেষে তিনি এ কথা জানান।
ওবায়দুল কাদের বলেন, “ডিজিটাল বাংলাদেশের পর স্মার্ট বাংলাদেশ গড়তে আমরা যখন প্রস্তুত হচ্ছি, ঠিক এই সময় আওয়ামী লীগের ৭৫তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হবে। তিন দিনব্যাপী প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হবে সারাদেশের ইউনিয়ন ও ওয়ার্ড পর্যন্ত।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভারত সফর নিয়ে তিনি বলেন, “ভারত সফর শেষ করে দেশে এসে প্রধানমন্ত্রী গণমাধ্যমের সঙ্গে কথা বলবেন। বিভিন্ন গুরুত্বপূর্ণ বৈঠক হচ্ছে। পরে বিস্তারিত জানা যাবে।”
আওয়ামী লীগ সাধারণ সম্পাদক জানান, ২১ জুন বিকেল ৩টায় রমনার ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশন থেকে ধানমণ্ডি ৩২ নম্বরের বঙ্গবন্ধু ভবন পর্যন্ত র্যালি হবে। ২৩ জুন বঙ্গবন্ধু ভবনের সামনে প্লাটিনাম জন্মজয়ন্তীর শুভ উদ্বোধন করবেন আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা।
তিনি আরও জানান, ২৩ জুন বিকেল ৩টায় সোহরাওয়ার্দী উদ্যানে আওয়ামী লীগের আলোচনা সভা হবে। সভার শুরুতে সাংস্কৃতিক আয়োজন থাকবে। এছাড়া প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাজধানীর রবীন্দ্র সরোবরে সাংস্কৃতিক অনুষ্ঠান, হাতিরঝিলে নৌকা বাইচ, সাইকেল র্যালি অনুষ্ঠিত হবে।



