Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

কারাবন্দি ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্ট থেকে হঠাৎ স্ট্যাটাস

‘শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না, বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই’

আপডেট : ০৩ ফেব্রুয়ারি ২০২৫, ০৮:৩৫ পিএম

আওয়ামী লীগে সভাপতিমণ্ডলীর সদস্য ও সাবেক মন্ত্রী লে. কর্নেল (অব.) ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টের একটি স্ট্যাটাস নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে ব্যাপক আলোচনা শুরু হয়েছে। সেখানে তিনি লিখেছেন, “শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই।”

তবে গত বছরের অক্টোবরের ১৪ তারিখ রাতে তাকে ক্যান্টনমেন্ট এলাকা থেকে র‌্যাব গ্রেপ্তার করে। বর্তমানে তিনি কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগারে বন্দি রয়েছেন। এখন প্রশ্ন উঠেছে কারাগারে থেকে তিনি কীভাবে ফেসবুক অ্যাকাউন্টে স্ট্যাটাস দিলেন।

ফারুক খানের ভেরিফায়েড ফেসবুক অ্যাকাউন্টে লেখা হয়েছে, “অনেক চেষ্টা করে অনলাইনে এসেছি। জেলের চার দেয়াল আমাদের নিজ সত্তার সামনে দাঁড়া করায়। অনেক কিছু বলতে চাই, কিন্তু এখন সবই বলতে পারছি না। এতটুকুই বলবো, শেখ হাসিনাকে নেত্রী মেনেছিলাম, কিন্তু আজকে তার হঠকারীতার জন্যই আমাদের দলের এই পরিণতি। দলের নেতৃত্বে পরিবর্তন এবং সর্বস্তরে শুদ্ধি অভিযান ব্যতীত কোনো ধরনের রাজনীতিতে ফেরা উচিত হবে না। শেখ হাসিনার আওয়ামী লীগ আর চাই না। বঙ্গবন্ধুর আওয়ামী লীগ ফেরত চাই। জয় বাংলা জয় বঙ্গবন্ধু।”

ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্টের এই স্ট্যাটাস নিয়ে নানামুখী আলোচনা চলছে। যদিও ফেসবুক পেজটি আবারও ডিজেবল করে দেওয়া হয়েছে বলে ধারণা করা হচ্ছে। স্ট্যাটাসের পর অ্যাকাউন্টটি আর খুঁজে পাওয়া যাচ্ছে না।

এ বিষয়ে জানতে চাইলে কারা অধিদপ্তরের মুখপাত্র ও সহকারী কারা মহাপরিদর্শক (এআইজি প্রিজন্স) মো. জান্নাত উল ফরহাদ অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেন, “বিষয়টি তিনি মাত্র জেনেছেন। তবে বিস্তারিত জানেন না।”

তিনি বলেন, “হয়তো ফারুক খানের ফেসবুক অ্যাকাউন্ট তার কোনো স্বজন চালাচ্ছেন। তাদের কাছে সেটার পাসওয়ার্ড আছে। কারণ, কারাগারে থেকে ফারুক খানের মতো একজন বহুল পরিচিত বন্দির মোবাইল ফোন বা ফেসবুক চালানোর কোনো সুযোগ নেই।”

   

About

Popular Links

x