Wednesday, June 17, 2026

সেকশন

English
Dhaka Tribune

প্রধানমন্ত্রী নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার চায় নাগরিক পার্টি

দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে দলটির অবস্থান

আপডেট : ১৯ এপ্রিল ২০২৫, ০৮:৫২ পিএম

প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, মন্ত্রিপরিষদ শাসিত সরকার ব্যবস্থা চায় নতুন রাজনৈতিক দল জাতীয় নাগরিক পার্টি (এনসিপি)। দলটির আহ্বায়ক নাহিদ ইসলাম একথা জানিয়েছেন।

শনিবার (১৯ এপ্রিল) সংসদ ভবনের এলডি হলে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে এনসিপির বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ কথা বলেন।

বেলা পৌনে ১১টায় শুরু হওয়া ওই বৈঠক দুপুরে মধ্যাহ্ন বিরতি দিয়ে চলে বিকেল সাড়ে ৫টা পর্যন্ত।

নাহিদ ইসলাম বলেন, “প্রধানমন্ত্রী শাসিত সরকার নয়, আমরা মন্ত্রিপরিষদ শাসিত সরকার চাই। দুবারের বেশি কেউ প্রধানমন্ত্রী হওয়ার বিপক্ষে আমাদের অবস্থান। যিনি একবার প্রধানমন্ত্রী হবেন, পরবর্তী সময়ে তাকে রাষ্ট্রপতি হিসেবে নিয়োগ না দেওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।”

তিনি আরও বলেন, “আমরা একটি মৌলিক সংস্কারের কথা বলেছি, যার মাধ্যমে ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার বিলোপ হবে। আমাদের সংবিধানে প্রধানমন্ত্রীর হাতে সব ক্ষমতা কুক্ষিগত। আমরা এর মধ্যে ভারসাম্য রক্ষার প্রস্তাব করেছি। প্রধান বিচারপতিসহ সাংবিধানিক নিয়োগগুলো বাস্তবায়ন, বিচার বিভাগের স্বাধীনতা, অর্থবিল, নারীর ক্ষমতায়ন ও শান্তিপূর্ণ ক্ষমতা হস্তান্তরের সাংবিধানিক প্রক্রিয়া নিয়ে কমিশনের সঙ্গে আলোচনা হয়েছে।”

বিদ্যমান সংবিধানের মূলনীতি বাতিলের দাবি জানানো হয়েছে উল্লেখ করে তিনি বলেন, “গণতান্ত্রিক ব্যবস্থার সঙ্গে এসব মূলনীতির কতটুকু সমন্বয় রয়েছে, তা বিবেচনার কথা বলেছি। আমরা দেখেছি বিভিন্ন সময়ে রাষ্ট্রীয় মূলনীতির সঙ্গে দলীয় মূলনীতি সন্নিবেশ করা হয়েছে। তাই বিষয়টি নিয়ে আমাদের আপত্তি। এর বাইরেও স্বাধীন কমিশন গঠন করে সংসদীয় এলাকার সীমানা পুনর্নির্ধারণের প্রস্তাব দেওয়া হয়েছে।”

সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে নাহিদ বলেন, “নারীদের জন্য ১০০টি আসনের মধ্যে প্রত্যক্ষ ভোটের ব্যবস্থা রাখার কথা বলেছি। তবে ভোটের প্রক্রিয়া কেমন হবে সে বিষয়ে সুনির্দিষ্টভাবে বলা হয়নি। পরবর্তী সময়ে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।”

বৈঠকে জাতীয় ঐকমত্য কমিশনের পক্ষে উপস্থিত ছিলেন কমিশনের সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ, সদস্য ড. বদিউল আলম মজুমদার, সফর রাজ হোসেন, ড. ইফতেখারুজ্জামান এবং প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী মনির হায়দার।

এনসিপির প্রতিনিধি দলে নাহিদ ছাড়াও ছিলেন সদস্য সচিব আখতার হোসেন, নাসিরুদ্দিন পাটওয়ারী, সামান্তা শারমিন, হাসনাত আব্দুল্লাহ, সারোয়ার তুষার, জাভেদ রাসিন ও নাহিদা সারোয়ার নিভা।

   

About

Popular Links

x