শরীয়তপুরে মশালমিছিল করেছেন আওয়ামী লীগের শতাধিক নেতাকর্মী। ওই মিছিলের একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়েছে।
শনিবার (১৯ এপ্রিল) রাত ৯টার দিকে সদর উপজেলার জয়নগর এলাকায় ওই মিছিল করা হয়।
গত ৫ আগস্ট আওয়ামী সরকার পতনের পর শরীয়তপুরে এই প্রথম কোনো কর্মসূচি পালিত হলো।
ফেসবুকে ছড়িয়ে পড়া ৪৫ সেকেন্ডের ভিডিওতে দেখা যায়, শতাধিক মানুষ মশাল নিয়ে মিছিল করছেন। তাদের মুখে মাস্ক পরা। তারা শেখ হাসিনা ও বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে নিয়ে বিভিন্ন স্লোগান দিচ্ছেন।
ভিডিওটি শনিবার রাতে আওয়ামী লীগের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও শেয়ার করা হয়েছে।
এদিকে, আওয়ামী লীগের মিছিলের পর ফেসবুকে প্রতিক্রিয়া জানিয়েছেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন, বিএনপি ও বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা।
নাম প্রকাশ না করার শর্তে শরীয়তপুর জেলা আওয়ামী লীগের এক নেতা সংবাদমাধ্যম প্রথম আলোকে বলেন, “সারাদেশে আওয়ামী লীগের বিভিন্ন কর্মসূচি পালিত হচ্ছে। বিশেষ করে দলীয় প্রধান শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে আনার লক্ষ্যে বিক্ষোভ মিছিল করা হচ্ছে। এরই অংশ হিসেবে শরীয়তপুরে আওয়ামী লীগের বিভিন্ন স্তরের নেতাকর্মী ও সমর্থকরা মশালমিছিল করেছেন। এখন থেকে নিয়মিত দলের বিভিন্ন ধরনের কর্মসূচি পালিত হবে।”
শরীয়তপুর সদরের পালং মডেল থানার পরিদর্শক (তদন্ত) মাসুদুর রহমান বলেন, “শনিবার রাতে আওয়ামী লীগের পক্ষে একটি ঝটিকা মশালমিছিল করা হয়েছে। ওই মিছিলে কারা অংশ নিয়েছিলেন, কারা নেতৃত্ব দিয়েছেন, তা খতিয়ে দেখছে পুলিশ।”



খুলনায় আওয়ামী লীগের ঝটিকা মিছিল