Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

রিজভী: নির্বাচন পিছিয়ে দিতে বিভিন্ন কৌশল করছে সরকার

তিনি বলেন, অন্তর্বর্তীকালীন সরকারের এক বছর সময়কালে দৃশ্যমান কোনো সংস্কার করা হয়নি

আপডেট : ০৫ জুন ২০২৫, ০৮:৫৭ পিএম

অন্তর্বর্তীকালীন সরকার জনগণের আশা-আকাঙ্ক্ষাকে উপেক্ষা করে জাতীয় নির্বাচন বিলম্বিত করতে নানান কৌশলগত পদক্ষেপ নিচ্ছে বলে অভিযোগ করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম সম্পাদক রুহুল কবির রিজভী।

তিনি বলেন, “আপাতদৃষ্টিতে অবাধ ও সুষ্ঠু নির্বাচনকে জাদুঘরে পাঠিয়েছেন শেখ হাসিনা। তাকে অপসারণের পর মানুষ আশা করেছিল ড. মুহাম্মদ ইউনূস দ্রুত মানুষের ভোটাধিকার ফিরিয়ে দেবেন। কিন্তু, নানা কৌশলে নির্বাচনের বিষয়টি কেবল বিলম্বিত করা হচ্ছে।”

বৃহস্পতিবার (৫ জুন) বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৪৪তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে উত্তরা এলাকায় আয়োজিত দোয়া মাহফিল এবং ঈদ উপহার বিতরণ অনুষ্ঠানে দেওয়া বক্তব্যে বিএনপির এই নেতা এসব কথা বলেন।

রিজভী বলেন, “অধ্যাপক মুহাম্মদ ইউনূসের নেতৃত্বাধীন অন্তর্বর্তীকালীন সরকার আগামী আগস্টে ক্ষমতায় আসার এক বছর পূর্ণ করতে চলেছে, তবুও এখন পর্যন্ত কোনো দৃশ্যমান সংস্কার করা হয়নি।”

তিনি জনগণের আকাঙ্ক্ষা অনুযায়ী ডিসেম্বরের মধ্যে নির্বাচন অনুষ্ঠানের লক্ষে প্রয়োজনীয় সংস্কার দ্রুত বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান।

বিএনপির এই নেতা আরও বলেন, “দেশের মানুষ তাদের প্রতিনিধি নির্বাচনের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছে। কারণ তারা দীর্ঘদিন ধরে তাদের ভোটাধিকার থেকে বঞ্চিত।”

পরে, কয়েকশ নিম্ন আয়ের মানুষের মধ্যে ঈদ উপহার বিতরণ করেন রিজভী।

বিএনপি স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ডা. রফিকুল ইসলাম, ঢাকা মহানগর উত্তর শাখার সদস্য সচিব মুস্তাফা জামান, যুগ্ম আহ্বায়ক এসএম জাহাঙ্গীর হোসেন, এবিএমএ রাজ্জাক, রশিদ গ্রুপের চেয়ারম্যান এম কফিল উদ্দিন আহমেদ প্রমুখ উপস্থিত ছিলেন।

   

About

Popular Links

x