ইসলামী জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে সাক্ষাৎ করে ছাত্রশিবিরের সভাপতি জাহিদুল ইসলাম দেশের শিক্ষার্থীদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছেন বলে অভিযোগ করেছেন জাতীয়তাবাদী ছাত্রদলের সাধারণ সম্পাদক নাছির উদ্দীন নাছির। তিনি বলেন, “ইসলামি জামিয়াত-ই-তালাবা মুক্তিযুদ্ধের সময় গণহত্যায় জড়িত ছিল।”
সোমবার (২৩ জুন) তিতুমীর কলেজ ছাত্রদলের সদস্য ফর্ম বিতরণ কার্যক্রম উদ্বোধনকালে তিনি এ মন্তব্য করেন।
নাছির উদ্দীন নাছির বলেন, “১৯৭১ সালের গণহত্যাকারী সংগঠন, যারা আমাদের ভাইদের হত্যা করেছিল, বোনদের ধর্ষণ করেছিল তাদের এই উত্তরসূরী ইসলামি জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের নেতাদের সঙ্গে গোপনে সাক্ষাৎ করেছেন শিবিরের সভাপতি। তারা এত প্রোপাগান্ডা ছড়ায় কিন্তু এটা তারা ছড়াল না। আমরা বিষয়টি জানলাম পাকিস্তানের সেই সংগঠনের সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুক পোস্ট থেকে।”
তিনি আরও বলেন, “৭১-এ গণহত্যায় নেতৃত্ব দেওয়া ছাত্র সংঘের পাকিস্তানের অংশটি হলো আজকের জামিয়াত-ই-তালাবা পাকিস্তান। এই সাক্ষাৎ প্রমাণ করে শিবির তাদের প্রিয় অভিভাবককে ভুলে যায়নি। তাদের সঙ্গে দেখা করে বাংলাদেশের শিক্ষার্থীদের সঙ্গে শিবির চরমভাবে বিশ্বাসঘাতকতা করেছে।”
এই ঘটনার জন্য তিনি শিবিরকে প্রকাশ্যে ক্ষমা চাওয়ার আহ্বান জানান।
উল্লেখ্য, ইসলামি জামিয়াত-ই-তালাবা পাকিস্তানের ভেরিফায়েড ফেসবুক পেজে দেওয়া এক পোস্টের মাধ্যেমে শিবিরের সভাপতির সঙ্গে এই সাক্ষাতের বিষয়টি জানানো হয়। সাক্ষাতের সময় পাকিস্তানের ওই সংগঠনটির পক্ষে উপস্থিত ছিলেন কেন্দ্রীয় সভাপতি হাসিম বিল্লাহ হাসমি ও সাধারণ সম্পাদক ওয়াসিম হায়দার। শিবিরের সঙ্গে ভবিষ্যতে একসঙ্গে কাজ করার প্রত্যয় ব্যক্ত করেছে ইসলামি ছাত্র সংঘের উত্তরসূরী এই সংগঠন।



