Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঐকমত্য কমিশন: প্রধানমন্ত্রী দলীয় প্রধান থাকতে পারবেন না

কমিশন আরও জানায়, কোনো দল চাইলে জাতীয় সনদে এ সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানাতে পারবে

আপডেট : ২২ জুলাই ২০২৫, ০১:০১ পিএম

জাতীয় ঐকমত্য কমিশন এক সিদ্ধান্তে জানিয়েছে, কেউ একইসঙ্গে প্রধানমন্ত্রী এবং দলীয় প্রধান থাকতে পারবেন না। কমিশন রাজনৈতিক দলগুলোকেও এই সিদ্ধান্ত জানিয়ে দিয়েছে। তবে কোনো দল চাইলে জাতীয় সনদে এ সিদ্ধান্তের বিষয়ে আপত্তি জানাতে পারবে।

মঙ্গলবার (২২ জুলাই) রাজধানীর ফরেন সার্ভিস একাডেমিতে জাতীয় ঐকমত্য কমিশনের সঙ্গে রাজনৈতিক দলগুলোর দ্বিতীয় দফার ১৭তম দিনের আলোচনার শুরুতে এই সিদ্ধান্তের কথা জানান সহ-সভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

আলী রীয়াজ বলেন, “প্রধানমন্ত্রীর পদে দলীয় প্রধান থাকতে পারবেন না বলে অধিকাংশ দল একমত হয়েছে। কিছু দল এ বিষয়ে ভিন্নমত ব্যক্ত করেছে। ওই সব দল ও জোট জাতীয় সনদে নোট অব ডিসেন্ট দিতে পারবেন।”

জানা গেছে, এ প্রস্তাব নিয়ে একাধিক দিন আলোচনা হয়। সেখানে বিএনপি ও সমমনা দল এলডিপি, লেবার পার্টি, এনডিএম, ১২ দলীয় জোট, জাতীয়তাবাদী সমমনা জোট এবং আমজনতার দল একই ব্যক্তি দলীয় প্রধান, প্রধানমন্ত্রী এবং সংসদ নেতা থাকাতে কোনো সমস্যা দেখছে না। এ কারণে একইসঙ্গে একাধিক পদে না থাকার বাধ্যবাধকতা আরোপের পক্ষে নয় দলগুলো। এদিকে, জামায়াতে ইসলামী, জাতীয় নাগরিক পার্টিসহ (এনসিপি) অধিকাংশ দল একইসঙ্গে দলীয় প্রধান ও প্রধানমন্ত্রী থাকার বিপক্ষে মত দেয়।

এ বিষয়ে আলী রীয়াজ বলেন,“জাতীয় ঐকমত্য কমিশনের অনুরোধ, যারা নোট অব ডিসেন্ট দিতে আগ্রহী, আপনারা প্রয়োজন মনে করলে সিদ্ধান্ত পুনর্বিবেচনা করতে পারেন।”

তিনি আরও বলেন, “যেভাবে নোট অব ডিসেন্টের কথা বলা আছে, সেভাবে জাতীয় সনদে তারা নোট অব ডিসেন্ট দিতে পারবে। এটা সিদ্ধান্ত হিসেবে আপনাদের জানাচ্ছি।”

মঙ্গলবারের আলোচ্যসূচি ছিল, প্রধানমন্ত্রীর একাধিক পদে থাকার বিধান (সিদ্ধান্ত গ্রহণ); তত্ত্বাবধায়ক সরকার বিষয়ে রাজনৈতিক দলের প্রস্তাবের ভিত্তিতে একটি সমন্বিত প্রস্তাব, সর্বশেষ আলোচনার পর সিদ্ধান্ত গ্রহণ; নির্বাচন কমিশন, সরকারি কর্মকমিশন, মহা হিসাব নিরীক্ষক ও নিয়ন্ত্রক, দুর্নীতি দমন কমিশন এবং ন্যায়পাল নিয়োগের বিধান সম্পর্কিত সিদ্ধান্ত।

এদিকে, বৈঠকের শুরুতে উত্তরার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে বিমানবাহিনীর বিমান বিধ্বস্তে হতাহতের ঘটনায় শোকপ্রস্তাব পাঠ করেন কমিশনের সদস্য ড. বদিউল আলম মজুমদার।

   

About

Popular Links

x