ফুটবল ফেডারেশনে সরকারি হস্তক্ষেপের অভিযোগে ২০২২ সালে ভারতকে নিষিদ্ধ করেছিল ফিফা। ৩ বছরের ব্যবধানে আবারও নিষিদ্ধ হওয়ার শঙ্কায় রয়েছে দেশটি। অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে (এআইএফএফ) কড়া হুঁশিয়ারি বার্তা পাঠিয়েছে বিশ্ব ও এশিয়ান ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা ও এএফসি। খবর দ্য হিন্দুর
অল ইন্ডিয়ান ফুটবল ফেডারেশনকে পাঠানো চিঠিতে আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান প্রণয়ন করে নির্বাচন আয়োজন করার আহ্বান জানিয়েছে ফিফা। ওই সময়ের মধ্যে নির্বাচন না হলে ভারতকে সব ধরনের ফুটবল থেকে নির্বাসনে পাঠানো হবে বলেও সতর্ক করে দিয়েছে।
চিঠিতে বলা হয়, নতুন সংবিধান চূড়ান্ত করা এবং বাস্তবায়নে বারবার দেরি হওয়ায় ফিফা বেশ উদ্বিগ্ন। ২০১৭ সালে সুপ্রিম কোর্টে বিষয়টি ওঠার পর থেকে তা ঝুলে আছে। বারবার অনুরোধ করা সত্ত্বেও এআইএফএফের স্পষ্ট এবং স্বচ্ছ প্রশাসনিক কাঠামো তৈরি করা হয়নি। ফলে ভারতীয় ফুটবলে এক ‘‘অপূরণীয় শূন্যতা এবং আইনি অনিশ্চয়তা’’ তৈরি হয়েছে।
আগামী ৩০ অক্টোবরের মধ্যে নতুন সংবিধান অনুযায়ী নির্বাচনের নির্দেশ দিয়েছে ফিফা। সবকিছুই ফেডারেশনকে স্বাধীনভাবে করতে হবে। কোনোভাবেই ভারত সরকারসহ তৃতীয় কোনো পক্ষের হস্তক্ষেপ এতে মেনে নেওয়া হবে না।
২০১৭ সাল থেকে এআইএফএফের এই সংবিধান নিয়ে সুপ্রিম কোর্টে মামলা চলছে। সম্প্রতি আদালত জানিয়েছেন, রায় তৈরি করা হয়েছে। তবে নতুন ক্রীড়ানীতি মেনে যেন সংবিধান প্রণয়ন করা হয়, সে জন্য রায় ঘোষণা পিছিয়ে দেওয়া হয়েছে।
সর্বশেষ ২০২২ সালের ১৬ আগস্ট তৃতীয় পক্ষের অনাকাঙ্ক্ষিত হস্তক্ষেপের অভিযোগ ভারতকে নিষিদ্ধ করে ফিফা।



