Tuesday, July 21, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপ থেকে ফিফার আয় ১৫ বিলিয়ন ডলার

শুরুতে ফিফা বিশ্বকাপ ফুটবল থেকে ১১ বিলিয়ন ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল

আপডেট : ১৯ জুলাই ২০২৬, ০৬:০২ পিএম

‘২০২৬ বিশ্বকাপ ফুটবল’ থেকে এবার ১৫ বিলিয়ন বা ১,৫০০ কোটি ডলার আয় করেছে ফিফা, যা বাংলাদেশি মুদ্রায় ১ লাখ ৮৪ হাজার ৫০০ কোটি টাকা।

ফিফা যে পরিমাণ টাকা আয় করেছে তা বাংলাদেশের পুরো অর্থবছরের উন্নয়ন প্রকল্পে খরচের তিন ভাগের দুই ভাগের সমান।

দ্য গার্ডিয়ানের সংবাদে বলা হয়েছে, এখন পর্যন্ত অবশ্য ফিফা আনুষ্ঠানিকভাবে এ ঘোষণা দেয়নি। শিগগিরই তারা ঘোষণা দেবে।

টুর্নামেন্ট শুরুর আগে যে লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল ফিফা, বাস্তবে আয় হয়েছে তার চেয়ে বেশি। শুরুতে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা বিশ্বকাপ ফুটবল থেকে ১১ বিলিয়ন বা ১,১০০ কোটি ডলার আয়ের লক্ষ্যমাত্রা নির্ধারণ করেছিল। বাংলাদেশি মুদ্রায় তা ১ লাখ ৩৫ হাজার ৩০০ কোটি টাকা।

অতিরিক্ত আয়ের সিংহভাগ এসেছে আতিথেয়তা ও টিকিট বিক্রি, বিশেষ করে উচ্চমূল্যের সেকেন্ডারি টিকিটের বাজার থেকে। সেকেন্ডারি বাজারে টিকিট বিক্রির ক্ষেত্রে ফিফা ক্রেতা ও বিক্রেতা - উভয় পক্ষের কাছ থেকেই ১৫% করে কমিশন নিয়েছে। ফলে টিকিটের দাম এবার যেভাবে বেড়েছে, সেখান থেকে ফিফার অতিরিক্ত আয়ের বড় একটি অংশ এসেছে।

ধারণা করা হচ্ছে, বিশ্বকাপ ফুটবল থেকে যে বাড়তি আয় হয়েছে, তার সুফল সদস্যদেশগুলোর ফুটবল সংস্থাগুলোও পাবে। তবে অর্থ বণ্টনের চূড়ান্ত কাঠামো এখনো নির্ধারণ করা হয়নি।

যুক্তরাষ্ট্র, কানাডা ও মেক্সিকোয় অনুষ্ঠিত এবারের বিশ্বকাপে নানা বিতর্ক সৃষ্টি হয়েছে। এমনকি ইনফান্তিনোর নেতৃত্ব প্রশ্নের মুখে পড়েছিল। কিন্তু রেকর্ড আয়ের কল্যাণে তিনি বিতর্ক থেকে মুক্তি পাবেন বলে ধারণা করা হচ্ছে।

বিশ্বকাপের শেষ ষোলোর ম্যাচে প্যারাগুয়ের বিপক্ষে যুক্তরাষ্ট্রের ফরোয়ার্ড ফোলারিন বালোগুনকে যে লাল কার্ড দেখানো হয়, তা স্থগিত করার ঘটনায় ফিফা ব্যাপক সমালোচনার মুখে পড়ে। অনেকের অভিযোগ ছিল, যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের চাপের কাছে নতি স্বীকার করেছে ফিফা। যদিও সংস্থাটি দাবি করেছে, এ সিদ্ধান্ত তাদের শৃঙ্খলা কমিটি স্বাধীনভাবে নিয়েছে। তা সত্ত্বেও ইউরোপের বিভিন্ন ফুটবল সংস্থার মধ্যে এ নিয়ে অসন্তোষ রয়ে গেছে।

এর মধ্যেও আগামী মার্চে অনুষ্ঠেয় নির্বাচনে পুনর্নির্বাচনের জন্য ইনফান্তিনো ইতোমধ্যে ফিফার ২০০টির বেশি সদস্যসংস্থার সমর্থন পেয়েছেন। বিশাল অঙ্কের অতিরিক্ত আয়ের কারণে অনেক সদস্যসংস্থা প্রকাশ্যে অসন্তোষ দেখানো থেকে বিরত থাকতে পারে বলে ধারণা করা হচ্ছে।

বর্তমানে নিয়ম অনুযায়ী, ২০৩৮ সালের বিশ্বকাপ আবার যুক্তরাষ্ট্রে হতে পারে।

গত শুক্রবার এক সংবর্ধনা অনুষ্ঠানে ডোনাল্ড ট্রাম্প বলেন, “যুক্তরাষ্ট্র আবারও বিশ্বকাপ আয়োজন করতে আগ্রহী। আপনারা আবারও যুক্তরাষ্ট্রকে বেছে নিন, তবে কানাডা ও মেক্সিকোকে বাদ দিন। এছাড়া ২০২৯ সালের ক্লাব বিশ্বকাপ আয়োজন নিয়েও ফিফার সঙ্গে যুক্তরাষ্ট্রের আলোচনা হয়েছে।”

এদিকে রবিবার (১৯ এপ্রিল) নিউ জার্সিতে স্পেন ও আর্জেন্টিনার মধ্যকার ফাইনালের আগের সন্ধ্যা পর্যন্তও ফিফার টিকিট পোর্টালে ভিআইপি ও হসপিটালিটি প্যাকেজের টিকিট ছিল। এর মধ্যে ট্রফি লাউঞ্জ প্যাকেজের প্রতিটি টিকিটের দাম ছিল ৩৪,৫০০ ডলার।  

   

About

Popular Links

x