বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) ১২তম আসর ঘিরে ওঠা ফিক্সিং অভিযোগের সত্যতা পেয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বিসিবির ইনটেগ্রিটি ইউনিটের দীর্ঘ তদন্ত শেষে ক্রিকেটার, ফ্র্যাঞ্চাইজি কর্মকর্তা ও টিম ম্যানেজারসহ মোট পাঁচজনের বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হয়েছে।
বিসিবি সূত্রে জানা গেছে, প্রায় ৯০০ পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনের ভিত্তিতে চারজনের বিরুদ্ধে দুর্নীতিবিরোধী বিধিমালা লঙ্ঘনের অভিযোগ গঠন করা হয়েছে। অভিযুক্তরা হলেন ঘরোয়া ক্রিকেটার অমিত মজুমদার, টিম ম্যানেজার মো. লাবলুর রহমান, ফ্র্যাঞ্চাইজি সহ-মালিক মো. তৌহিদুল হক তৌহিদ এবং টিম ম্যানেজার রেজওয়ান কবির সিদ্দিকী। অভিযোগ গঠনের পর তাদের সব ধরনের ক্রিকেটীয় কার্যক্রম থেকে সাময়িকভাবে নিষিদ্ধ করা হয়েছে।
তদন্ত প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, অমিত মজুমদার ও রেজওয়ান কবির সিদ্দিকী সরাসরি ম্যাচের ফলাফল ও পরিস্থিতি নিয়ে বাজিতে জড়িত ছিলেন। অন্যদিকে, লাবলুর রহমান ও তৌহিদুল হক তৌহিদের বিরুদ্ধে তদন্ত কাজে বাধা দেওয়া, তথ্য গোপন করা এবং প্রমাণ নষ্ট করার অভিযোগ আনা হয়েছে।
বিসিবি জানিয়েছে, অভিযুক্তদের আত্মপক্ষ সমর্থনের জন্য ১৪ দিনের সময় দেওয়া হয়েছে। এই সময়ের মধ্যে তারা লিখিত জবাব জমা দিতে পারবেন। তদন্ত প্রক্রিয়া চলাকালে এ বিষয়ে আর কোনো মন্তব্য করবে না বলে জানিয়েছে বোর্ড।
এদিকে, বিপিএলের ৯ম, ১০ম ও ১১তম আসরে ম্যাচ-সংক্রান্ত দুর্নীতি এবং বেটিং সিন্ডিকেটের সঙ্গে যোগাযোগের অভিযোগে সামিনুর রহমানকে দীর্ঘমেয়াদি নিষেধাজ্ঞা দিয়েছে বিসিবি। তিনি নিজের অপরাধ স্বীকার করেছেন এবং শাস্তিও মেনে নিয়েছেন।



