Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

বিশ্বকাপের ১৩ দিন বাকি, এখনও ভিসা মেলেনি ইরান দলের

টুর্নামেন্টে দলটির অংশগ্রহণ ও প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে

আপডেট : ২৯ মে ২০২৬, ০৯:৫৮ পিএম

বিশ্বকাপ শুরুর আর মাত্র ১৩ দিন বাকি। তবে এখনো যুক্তরাষ্ট্রের ভিসা পাননি ইরানের ফুটবলার ও সাপোর্ট স্টাফরা। এতে টুর্নামেন্টে দলটির অংশগ্রহণ ও প্রস্তুতি নিয়ে অনিশ্চয়তা তৈরি হয়েছে।

আগামী ১১ জুন শুরু হবে ফুটবল বিশ্বকাপ। গ্রুপপর্বে ইরানের সব ম্যাচ অনুষ্ঠিত হবে যুক্তরাষ্ট্রে। কিন্তু এখন পর্যন্ত দেশটি ইরানের কোনো খেলোয়াড় বা টিম কর্মকর্তার ভিসা অনুমোদন করেনি বলে জানিয়েছে ইরান ফুটবল ফেডারেশন।

ফুটবলারদের নিরাপত্তার কথা বিবেচনায় রেখে ইরান তাদের চূড়ান্ত প্রস্তুতি ক্যাম্প মেক্সিকোয় সরিয়ে নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। তুরস্কে অনুশীলন ক্যাম্প শেষ করে দলটি মেক্সিকোয় যাবে। সেখান থেকে ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যাতায়াত করবে তারা।

এ কারণে যুক্তরাষ্ট্রের কাছে মাল্টিপল এন্ট্রি ভিসার আবেদন করা হয়েছে। তবে এখনো সেই আবেদন অনুমোদন না পাওয়ায় উদ্বেগ বাড়ছে ইরান শিবিরে।

ইরান জাতীয় দলের মুখপাত্র আবুলফজল বলেন, “আমরা এমন ভিসা চেয়েছি যাতে একাধিকবার যুক্তরাষ্ট্রে প্রবেশ করা যায়। কারণ দলটি মেক্সিকোয় অবস্থান করবে এবং সেখান থেকে ম্যাচ খেলতে যুক্তরাষ্ট্রে যেতে হবে।”

তিনি আরও বলেন, “আমরা এখনো জানি না যুক্তরাষ্ট্র আমাদের ভিসা দেবে কি না। তবে এটুকু পরিষ্কার, আমরা অন্য দলগুলোর মতো সমান সুযোগ পাচ্ছি না। পরিকল্পনা অনুযায়ী প্রস্তুতিও নিতে পারিনি।”

ইরান ফুটবল ফেডারেশন জানিয়েছে, তুরস্কে অবস্থানরত কয়েকজন খেলোয়াড় ও সাপোর্ট স্টাফ ইতোমধ্যে ভিসা সাক্ষাৎকার সম্পন্ন করেছেন। যারা আগে আবেদন করতে পারেননি, তারাও সেখান থেকেই আবেদন করেছেন।

এদিকে যুক্তরাষ্ট্রের পাশাপাশি কানাডার ভিসার জন্যও আবেদন করেছে ইরান। ফেডারেশনের এক কর্মকর্তা জানান, দল দ্বিতীয় রাউন্ডে উঠলে কানাডায় ম্যাচ খেলতে হতে পারে। সে কারণেই আগাম প্রস্তুতি হিসেবে কানাডার ভিসার আবেদন করা হয়েছে।

   

About

Popular Links

x