কাতার বিশ্বকাপে প্রিয় দল আর্জেন্টিনার জন্য গলা ফাটিয়েছেন অনেক বাংলাদেশি। আর্জেন্টিনাকে নিয়ে বাংলাদেশি ভক্তদের উন্মাদনা ফিফার টুইটের মাধ্যমে পৌঁছে যায় বিশ্ববাসীর দরবারে। সেই সুবাদে ভিডিও তথ্যচিত্রের মাধ্যমে বাংলাদেশকে শ্রদ্ধা জানিয়েছে আর্জেন্টিনা ফুটবল ফেডারেশন (এএফএ)।
কাতার বিশ্বকাপের ফাইনালে গত আসরের চ্যাম্পিয়ন ফ্রান্সকে টাইব্রেকারে হারিয়ে তৃতীয়বারের মতো বিশ্বজয়ের মুকুট অর্জন করে আর্জেন্টিনা। ৩৬ বছরের প্রতীক্ষা শেষে আবারও ফিফা বিশ্বকাপের শিরোপা জেতার পর বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীর অকুণ্ঠ সমর্থনের কথা ভুলে যায়নি ল্যাটিন আমেরিকান দেশটির ফুটবল ফেডারেশন। বরং বাংলাদেশের সমর্থকদের উদ্দেশে প্রাণঢালা ধন্যবাদ জানিয়েছে তারা।
সোমবার (২৭ মার্চ) আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের অফিসিয়াল ফেসবুক এবং টুইটার পেজে ইংরেজি সাবটাইটেলসহ স্প্যানিশ ভাষায় ১৫ মিনিট ৫১ সেকেন্ডের একটি ভিডিও প্রকাশিত হয়। সেখানে বাংলাদেশে থাকা আর্জেন্টিনা সমর্থকগোষ্ঠীকে সম্মান জানানো হয়েছে।
সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে “লিগা প্রফেশনাল ডে ফুটবল ডে লা এএফএ” ও টুইটারে “লিগা প্রফেশনাল ডে ফুটবল” শিরোনামে প্রকাশ্যে আসার পর ভিডিও তথ্যচিত্রটি ৯ লাখ ১৩ হাজারের বেশিবার দেখা হয়েছে। ভিডিওচিত্রটিতে এখন পর্যন্ত ৮০ হাজার লাইক এবং প্রায় ৬ হাজার কমেন্ট পড়েছে।
কাতার বিশ্বকাপ চলাকালে পুরো টুর্নামেন্টজুড়েই বাংলাদেশের আর্জেন্টিনা সমর্থকরা লিওনেল মেসির নেতৃত্বাধীন আর্জেন্টাইন দলটির জন্য গলা ফাটিয়েছিল। পরবর্তীতে ফাইনালে ফ্রান্সকে হারিয়ে তিন যুগের অপেক্ষা শেষে আলবিসেলেস্তেদের বিশ্বকাপ জয়ের পর দেশজুড়ে উদযাপন করা হয়। রাজধানী ঢাকা এবং দেশের অন্যত্র অবস্থানরত আর্জেন্টিনা সমর্থকরা সেই উৎসবে সক্রিয়ভাবে অংশ নেয়।
গত ১৮ ডিসেম্বর কাতারের লুসাইল আইকনিক স্টেডিয়ামে অনুষ্ঠিত ২০২২ বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে শ্বাসরুদ্ধকর টাইব্রেকারে আর্জেন্টিনার শিরোপা জয়ের পর ঢাকার রাস্তায় হাজার হাজার মানুষকে “মেসি, মেসি” বলে স্লোগান দিতে দেখা যায়। শীতের তীব্রতা উপেক্ষা করে ঢাকার বাইরের সমর্থকরা আকাশী-সাদা জার্সি পরে আর্জেন্টিনার জাতীয় পতাকা নিয়ে মিছিল করে।



