গত বছর বাংলাদেশে এসে ঘুরে গেলেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী গোলকিপার এমিলিয়ানো মার্টিনেজ। এরপর এসেছিলেন ব্রাজিলের সাবেক তারকা রোনালদিনহো। এবার ঢাকায় আসছেন আর্জেন্টিনার বিশ্বকাপ জয়ী আরেক সদস্য অ্যাঞ্জেল ডি মারিয়া। তাকেও বাংলাদেশে আনছেন ভারতের ক্রীড়া উদ্যোক্তা শতদ্রু দত্ত।
ইতোমধ্যে বর্তমান যুব ও ক্রীড়া মন্ত্রী নাজমুল হাসান পাপনের জন্য আর্জেন্টিনার একটি জার্সিতে স্বাক্ষর করেছেন ডি মারিয়া। বিষয়টি শতদ্রু দত্ত নিজের ফেসবুক অ্যাকাউন্টে পোস্ট করে জানিয়েছেন। এখন অপেক্ষা শুধু অটোগ্রাফযুক্ত জার্সি পাপনের হাতে তুলে দেওয়া।
এ বিষয়ে শতদ্রু অনলাইন সংবাদমাধ্যম বাংলা ট্রিবিউনকে বলেছেন, “ডি মারিয়ার অটোগ্রাফযুক্ত জার্সি পাপন সাহেবের হাতে তুলে দেব। এজন্য তার সময় চেয়েছি। তিনি বাংলাদেশের ক্রীড়ামন্ত্রী, তাই তার জন্য এটা আনা। আমি মার্চের শুরুতে তিন দিন ঢাকায় থাকব।”
তিনি আরও বলেন, “তখনই তার হাতে তুলে দিতে পারব বলে আশা করছি। তাছাড়া ডি মারিয়া মে মাসের শেষে ভারত ও বাংলাদেশে আসবে। স্পন্সরও তৈরি বলতে পারেন। ঢাকায় এসে এবার ৯০% অনুষ্ঠান স্টেডিয়াম কেন্দ্রিক হবে। এছাড়া ঢাকায় এলে প্রধানমন্ত্রীকে নিজেই অটোগ্রাফ যুক্ত জার্সি দেবেন ডি মারিয়া।”
কলকাতার এই সংগঠক বলেন, “২০২৩ সালেই ডি মারিয়ার বাংলাদেশ ও কলকাতায় আসার কথা ছিল। ক্লাব (পোর্তো) থেকে ছুটি না পাওয়ায় আসতে পারেননি। ২০২৪ সালের মে মাসের শেষ সপ্তাহে অথবা জুনের প্রথমে ঢাকা ও কলকাতায় আসবেন তিনি।”



