দীর্ঘ প্রচেষ্টার পর বাংলাদেশি বংশোদ্ভূত ইংলিশ ফুটবলার হামজা চৌধুরী লাল-সবুজের জার্সি গায়ে তুলতে যাচ্ছেন। খুব শিগগিরই দলের সঙ্গে যুক্ত হবেন তিনি।
বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) ন্যাশনাল টিমস কমিটির চেয়ারম্যান কাজী নাবিল আহমেদ।
তিনি বলেন, “হামজার সঙ্গে কথা চলছে। সে খেলতে আগ্রহী। খুব শিগগিরই বাংলাদেশের হয়ে খেলতে পারবে হামজা।”
ফিফা ২০২৬ বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ের গ্রুপ পর্বের খেলা রয়েছে সামনের মাসে। সেখানে হামজা চৌধুরীর খেলার সম্ভাবনা উড়িয়ে দেননি নাবিল আহমেদ। বাফুফের এই সহ-সভাপতি বলেন, “আমরা এটি কয়েক দিনের মধ্যেই নিশ্চিত করতে পারব।”
লেস্টার সিটির ডিফেন্সিভ মিডফিল্ডার হামজা চৌধুরী বর্তমানে ধারে খেলছেন ওয়াটফোর্ডের হয়ে; ওয়াটফোর্ড ইংলিশ ফুটবলের দ্বিতীয় স্তরের ফুটবল লিগ ইএফএল চ্যাম্পিয়নশিপে খেলে থাকে।
ইংল্যান্ডে জন্ম নেওয়া হামজা চৌধুরীর মায়ের বাড়ি হবিগঞ্জে। বেশ কয়েকবার বাংলাদেশেও এসেছেন তিনি। হামজা ইংল্যান্ড অনূর্ধ্ব-২১ জাতীয় দলে খেলেছেন ২০১৮ সালে। তার স্বপ্ন ইংল্যান্ডের জাতীয় দলে খেলা। তবে সেই সুযোগটা পাচ্ছেন না।
২৬ বছর বয়সী হামজার বাংলাদেশে খেলার আগ্রহ জানার পর থেকে তাকে দলে ভেড়াতে চেষ্টা চালিয়ে গেছে বাফুফে।
আগামী মাসে ফিফা ২০২৬ বিশ্বকাপ এবং এশিয়ান কাপের বাছাইয়ের গ্রুপ পর্বের খেলা রয়েছে বাংলাদেশের। ২১ মার্চ ফিলিস্তিনের বিপক্ষে অ্যাওয়ে ম্যাচ কুয়েতে এবং হোম ম্যাচ ২৭ মার্চ ঢাকায়।



