Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

টানা চতুর্থ লিগ শিরোপার দ্বারপ্রান্তে সিটি, গার্দিওলা বললেন, ‘এটাই চাপ’

টটেনহামের বিপক্ষে জিতলেও সেরা ছন্দে ছিল না সিটি

আপডেট : ১৫ মে ২০২৪, ০৫:০৮ পিএম

টানা চতুর্থবার ইংলিশ প্রিমিয়ার লিগের শিরোপা ঘরে তোলার দ্বারপ্রান্তে ম্যানচেস্টার সিটি। এর আগে, পরপর চারবার এই শিরোপা জেতার রেকর্ড নেই অন্য কোনো ক্লাবের। আগামী রবিবার (১৯ মে) ওয়েস্ট হামকে হারালেই অনন্য এই কীর্তি গড়বে পেপ গার্দিওলার দল।

তবে এই সমীকরণকেও কঠিনভাবে দেখছেন গার্দিওলা। তার মতে, এমন সময়ে চাপ সামলে খেলাটাই চ্যালেঞ্জের। টানা চারবার শিরোপা জেতার জন্য তার দল বেশ চাপে রয়েছে।

মঙ্গলবার রাতে টটেনহামের মাঠে ২-০ গোলের জয় তুলে নিয়েছে ম্যানচেস্টার সিটি। যার ফলে তারা শিরোপা ধরে রাখার মিশনে এগিয়ে গিয়ে আর্সেনালের সম্ভাবনাকে ক্ষীণ করে তুলেছে।

প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলে চোখ মেললে দেখা যায়, ৩৭ ম্যাচে ৮৮ পয়েন্ট নিয়ে শীর্ষে ম্যানচেস্টার সিটি। সমান ম্যাচে দুই পয়েন্ট কম আর্সেনালের। শিরোপা কার ঘরে উঠছে তা জানা যাবে রবিবার।

তবে টটেনহামের বিপক্ষে জিতলেও পারফরম্যান্স নিয়ে সন্তুষ্ট নন গার্দিওলা। ম্যাচে সেরা ছন্দে ছিল না সিটি। ৫১তম মিনিটে গোল করে দলকে এগিয়ে নেন আর্লিং হাল্যান্ড। শেষ বাঁশি বাজার আগে যোগ করা সময়ে পেনাল্টি থেকে দ্বিতীয় গোল করেন হাল্যান্ড।

ম্যাচ শেষে এ বিষয়ে সিটি কোচ গার্দিওলা বলেছেন, শান্ত থেকে চাপ দূরে সরিয়ে খেলতে হবে তাদের। এটিই হবে শেষ ম্যাচের চ্যালেঞ্জ। যেটি মোটেও সহজ হতে যাচ্ছে না।

শিষ্যদের সেরাটা না দিতে পারার কারণ হিসেবে তিনি বলেন, “যে কোনো মূল্যে জয়ের চাপেই হয়তো দল নিজেদের আসল খেলাটা খেলতে পারেনি। এভাবে খেললে নিজেদের সামর্থ্য অনুযায়ী পারফর্ম করা যাবে না; প্রিমিয়ার লিগের শিরোপা হারাতে হবে।”

দলের খেলোয়াড়দের উদ্দেশ করে তিনি বলেন, “ওরাও মানুষ। ওদের চাপ আমি বুঝতে পারি। ড্রেসিং রুমে আমরা খুশি ছিলাম। তবে ওরা জানে, কাজ এখনও শেষ হয়নি। ওরা জানে, শেষ ম্যাচটি সহজ হবে না। আগে কোনো দল যা করতে পারেনি, তা করতে হলে ম্যাচটি জিততে হবে আমাদের।”

   

About

Popular Links

x