Friday, June 05, 2026

সেকশন

English
Dhaka Tribune

ঘুম থেকে ওঠার খবর ‘গুজব’, তাসকিনের দাবি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছেন!

টিম কম্বিনেশনের কারণে ভারতের বিপক্ষে একাদশে রাখা হয়নি বলে দাবি তাসকিনের

আপডেট : ০৩ জুলাই ২০২৪, ০২:৫৭ পিএম

দেশের ক্রিকেট ভক্তদের কাছে এই মুহূর্তে সবচেয়ে আলোচিত বিষয় সদ্য সমাপ্ত টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের বিপক্ষে ম্যাচের দিন দলের সহ-অধিনায়ক তাসকিন আহমেদের দেরিতে ঘুম থেকে ওঠার বিষয়টি।

এবারের বিশ্বকাপে গ্রুপ পর্বে চার ম্যাচে তিন জয়ে ভালো কিছুর ইঙ্গিত দিলেও সুপার এইটে অস্ট্রেলিয়া, ভারত এবং আফগানিস্তানের সঙ্গে টানা তিন হারে হতাশ হতে হয় সমর্থকদের। এর মধ্যে আবার সমালোচনা ওঠে সুপার এইটে ভারতের বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে টাইগার একাদশে তাসকিন আহমেদের না থাকা নিয়ে।

তাসকিন আহমেদ দলের সহ-অধিনায়ক, আবার ভারতের বিপক্ষে তার পারফরমেন্সও বরাবরই ভালো। কিন্তু এমন গুরুত্বপূর্ণ ম্যাচে তার দলে না থাকা নিয়ে প্রশ্ন ওঠে। কিন্তু কেন একাদশে তাসকিন সেদিন ছিলেন না সে উত্তর মিলছিল না।

তবে এরপর বিভিন্ন গণমাধ্যমে খবর প্রকাশ হয়, সেদিন দেরিতে ঘুম ভাঙার খেসারত হিসেবেই মাঠে নামতে পারেননি এই পেসার।

তাসকিন যে সেদিন দেরিতে ঘুম থেকে ওঠার কারণে টিম বাস মিস করেন সেটি নিশ্চিত করেছেন দলের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।

তবে এবার ঘুম থেকে দেরিতি ওঠার বিষয়টি নিজেই জানালের তাসকিন। তবে ঘুম থেকে ওঠার কারণে ভারতের বিরুদ্ধে একাদশ থেকে বাদ পড়েননি এমনটা ইঙ্গিত করে তাকে ঘিরে প্রকাশিত সংবাদকে গুজব দাবি করেন এই পেসার।

বুধবার (৩ জুলাই) নিজের ফেসবুক পেজে বিষয়টির ব্যাখ্যা দিয়েছেন তাসকিন।

তাসকিন লিখেছেন, “আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। আমি সম্প্রতি অনলাইনে বিভিন্ন সংবাদ মাধ্যমে জানতে পেরেছি যে সম্প্রতি শেষ হওয়া টি-২০ বিশ্বকাপের একটি ঘটনা নিয়ে অনেক হৈচৈ করা হচ্ছে। প্রথমত, আমি সবাইকে জানাতে চাই যে বেশিরভাগ সংবাদ এবং তথ্য যা ছড়ানো হচ্ছে তা কেবল গুজব এবং আমি আশা করি ভক্তরা এটি সেইভাবে দেখবেন।”

“দ্বিতীয়ত, আমি ঘটনাটি সেদিন আসলে কী ঘটেছিল তা পরিষ্কার করতে চাই। আমি স্বীকার করি যে আমি স্বাভাবিকের চেয়ে পরে উঠেছি এবং এর জন্য আমি ইতোমধ্যে পুরো দল এবং ম্যানেজমেন্টের কাছে ক্ষমা চেয়েছি।”

নির্দিষ্ট সময় উল্লেখ করে তাসকিন বলেন, “আমি সকাল ৮:৩৭ এ উঠেছিলাম এবং ৮:৪৩ এ লবিতে গিয়েছিলাম এবং আমার রাইড প্রস্তুত হওয়ার সাথে সাথে আমি সকাল ৯:০০ এ হোটেল ছেড়েছি। আমি সকাল ৯:৪০ এ স্টেডিয়ামে প্রবেশ করেছি, ম্যাচ টসের ২০ মিনিট আগে সকাল ১০:০০ এ। আমরা সকাল ১০:১৫ এ জাতীয় সঙ্গীত গেয়েছিলাম এবং ম্যাচটি সকাল ১০:৩০ এ শুরু হয়েছিল।”

“যাচাই না করেই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজব ছড়িয়ে ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে” বলে অভিযোগ তাসকিনের। তিনি লিখেছেন, “এটি খুবই দুর্ভাগ্যজনক যে এই তথাকথিত ক্রীড়া সাংবাদিকরা গুজবের ভিত্তিতে খবর প্রচার/মুদ্রণ করছে এবং যাচাই না করে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার চেষ্টা করছে যা জাতীয় ক্রিকেট দলের একজন খেলোয়াড় হিসাবে।”

এরপর তিনি লিখেছেন, “যারা আমাকে চেনেন তারা জানেন আমি আমাদের দেশকে কতটা ভালোবাসি এবং বাংলাদেশকে প্রতিনিধিত্ব করার জন্য কতটা নিবেদিত, উৎসাহী এবং গর্বিত। আমি জানি আমি সময়মতো টিমের বাসে না উঠার একটি অনিচ্ছাকৃত ভুল করেছি, কিন্তু আমি টসের আগেই স্টেডিয়ামে ছিলাম। আমার চূড়ান্ত দলে নির্বাচিত না হওয়াটা টিম ম্যানেজমেন্টের সিদ্ধান্ত ছিল। যা সঠিক টিম কম্বিনেশন পাওয়ার সাথে সম্পর্কিত এবং এটি আমার টিম বাসে না ওঠার ব্যর্থতার সাথে সম্পর্কিত ছিল না।”

তাসকিন আরও যোগ করেন, “আমি আশা করি মিডিয়া এবং ক্রীড়া সাংবাদিকরা মিথ্যা গল্প লেখার আগে আরও সতর্কতা অবলম্বন করবেন এবং একটি বিষাক্ত পরিবেশ তৈরি করবেন না। এটি কেবল আমাদের খেলোয়াড়দের ক্ষতি করে না বরং আমাদের দেশের সামগ্রিক চিত্রকে ক্ষুণ্ন করে। আমি বিশ্বাস করি আমরা সবাই সৎ এবং পেশাদার সাংবাদিকতা আশা করি যাতে জাতি হিসেবে এগিয়ে যেতে পারি।”

সংবাদ প্রকাশের ক্ষেত্রে সতর্ক করে তাসকিন বলেন, “ভবিষ্যতে, আমি আইনিভাবে এই ধরনের বিষয়ে ব্যবস্থা গ্রহণ করব যাতে কেউ আমার ক্রীড়াবিদ বা মানুষ হিসাবে আমার সুনাম বা অখণ্ডতা ক্ষুণ্ন করার চেষ্টা না করে।”

সবশেষে ভক্তদের ধন্যবাদ জানিয়ে তাসকিন বলেন, “আমার সকল ভক্তদের ধন্যবাদ তাদের অব্যাহত সমর্থনের জন্য।”

উল্লেখ্য, গত ২২ জুন অ্যান্টিগায় স্যার ভিভিয়ান রিচার্ডস স্টেডিয়ামে সুপার এইটে নিজেদের দ্বিতীয় ম্যাচে ভারতের মুখোমুখি হয় বাংলাদেশ। ওই ম্যাচে আগের একাদশ থেকে তাসকিন আহমেদের পরিবর্তে নেওয়া হয় জাকের আলীকে।

সূত্র বলছে, ভারত ম্যাচের দিন সকালে টিম ম্যানেজার ও লজিস্টিক্স ম্যানেজার বাস চেক করতে গিয়ে দেখেন সেখানে তাসকিন আহমেদ নেই। এরপর তারা তাসকিনকে ফোন করতে থাকেন। কিন্তু তাসকিন ফোন রিসিভ করেননি।

এদিকে, আইসিসির প্রোটোকল অনুযায়ী ম্যাচের দিন একটা নির্দিষ্ট টাইমে টিম হোটেল থেকে বাস ছাড়তে হয়। তাই তাসকিনকে রেখেই ছেড়ে দেওয়া হয় টিম বাস। তবে তাসকিনকে খুঁজে মাঠে আনার জন্য রেখে যাওয়া হয় একজন স্টাফকে। পরে তিনিই তাসকিনকে নিয়ে মাঠে যান। আর এই দেরির কারণেই ভারতের বিপক্ষে একাদশে ছিলেন না তাসকিন।

বিষয়টি নিয়ে মঙ্গলবার যুক্তরাষ্ট্রের উদ্দেশে দেশ ছাড়ার আগে বিমানবন্দরে সাংবাদিকদের প্রশ্নের উত্তর দেন সাকিব আল হাসান।

সাকিব জানান, ঘুম থেকে উঠতে দেরি করায় টিম বাস মিস করেছিলেন তাসকিন আহমেদ। পরে তাকে রেখেই বাস চলে যায় স্টেডিয়ামে। এরপর তাসকিন প্রাইভেট কারে করে স্টেডিয়ামে পৌঁছান। এই ভুলের জন্য বাংলাদেশি পেসার সতীর্থসহ টিম ম্যানেজমেন্টের কাছে ক্ষমাও চেয়েছেন।

সেদিনের ঘটনা সম্পর্কে সাকিব বলেন, “দলের বাস একটা নির্ধারিত সময়ে ছাড়ে। সাধারণত বাস কারো জন্য অপেক্ষা করে না। ভারত ম্যাচে টসের ১০ মিনিট আগে মাঠে পৌঁছেছিলেন তাসকিন। একেবারে শেষ মুহূর্তের দিকে। স্বাভাবিকভাবে ওই সময়টা কঠিন ছিলো টিম ম্যানেজমেন্টের জন্য তাকে নেওয়া। পরবর্তীতে তাসকিন দুঃখ প্রকাশ করেছে, দলের সবাইও এটা স্বাভাবিকভাবে নিয়েছে।”

তিনি আরও বলেন, “মানুষের ক্ষেত্রে ভুল হতে পারে। অনিচ্ছাকৃত ভুল সবারই হয়ে থাকে। ও সেটা স্বীকার করেছে। ওখানে ব্যাপারটা শেষ হয়ে গেছে। টিম বাস কারো জন্য অপেক্ষা করে না কখনো। একজনের জন্য পুরো দল থেমে থাকে না।”

   

About

Popular Links

x